আমারে ভেজানোর অধিকার কারো নেই
কাজী সায়েমুজ্জামান
আমারে জলে নামাইয়া ভিজাইয়া দিয়া তুমি এখন ডাঙ্গায়
বিন্দু বিন্দু সব তপ্ত নি:শ্বাস ঝেড়ে ফেলছো স্বস্তির চাদরে;
একফোটাও শিশিরের গন্ধ লেগে নেই তোমার পালকে-
শুধু নিজের সুখটুকু কড়ায় গন্ডায় বুঝে নিয়েছো আদ্যোপান্ত
একটা রডোডেনড্রন দেখার সময় পায়নি তোমার বিবেক।
কোন আদিখ্যেতা নয়; আমার নিজেরও ভিজতে ভীষণ ইচ্ছা হয়
উদ্যত দুবাহু বাড়িয়ে দাড়িয়ে থাকা ল্যাম্প পোস্টের মতো।
আর আস্তে আস্তে আমার অলিন্দ্যে এসে টোকা দেবে অনুভূতি;
আমি তাকে স্বাগত জানিয়ে সভ্যতার কানে শিৎকার দেবো-
আমাকে আমার মতো ভেজানোর সাধ্য কারো নেই।
অথচ আমারে ভিজাইয়া দিয়েছে অস্বস্তির জল; কোন পথ নেই
অবরুদ্ধ এই সময়ে খুব কাছ থেকে দেখলাম –আদ্রতায় বিক্ষত
কাঠের পুতুলের সুখের সাংবিধানিক কোন স্বীকৃতি নেই।
গাঢ় নি:শ্বাস কখনো তপ্ত হয়ে উঠতে নেই এই সভ্যতায়
আমাকে ঘিরেই যেই জল সেখানে আমার স্থান নেই এতটুকু।
আমাকে ভিজিয়ে দিতেই তোমার চোখেমুখে এত রাজনীতি
আমার শেষ সম্ভ্রম কেড়ে নিতেই তোমার চতুর মনে বিশ্বায়ন
আমাকে ভোগ মানেই তোমার বহুজাতিক করপোরেট বিনিয়োগ;
তবুও আমি কাকভেজা হতে সকাতর প্রতীক্ষায় লিখে যাবো
শুনে যাও মানবী, আমারে ভেজানোর অধিকার কারো নেই।
ডাকবাংলো, গলাচিপা
২৭ জানুয়ারী, ২০১৫
রাত ১২.৩০ টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



