খামখেয়ালীর জীবন
কাজী সায়েমুজ্জামান
বুকের ভেতর সারা বছর বৃষ্টি চাষের ফল,
সাগর নদীর যা কিছু তা আমার চোখের জল।
লোনাজলের ফলন বাড়ে নীল রঙয়ে অক্ষরে,
ছন্নছাড়া অনুভূতি কবিতায়- সব ধার করে।
আকাশ জানে সব খবরই মেঘে কোথায় বাস,
আমার ভেতর বন্যা কখন- ঝড়ের পূর্বাভাস?
হাত বাড়িয়ে মন ছুয়েঁ যায় আড়াল মেলে চোখ
বেহিসাবী আবেগ ভাসায় আমার স্বপনলোক।
দু’হাত ভরে খরচ করে মনে আজব খেয়াল,
একটা মন তাও সেখানে দুভাগ করা দেয়াল।
ভর দুপুরেই সন্ধ্যা নামে, মাঝ রাতেই রোদ
দু’পকেটের মুঠোয় ঘুমায় হাজার প্রতিশোধ।
জলছবিটায় রঙ লাগিয়ে ইচ্ছা উড়ায় ঘুড়ি
এক মানবী সামনে এলেই শখের ছোড়াছুড়ি।
ইচ্ছা জাগে ভীষণ রকম উঠতে গেলেই চূর্ণ,
কি আসে যায়-যখন আমি সব হারিয়েও পূর্ণ।
একতরফা ছুয়ে নেয়া-এমন খেলার কি নাম?
মানবীকেই খামখেয়ালী জীবন সপে দিলাম।
(উৎসর্গ: সুহৃদ স্মৃতি। এবার বিএসসি অনার্স পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় অভিনন্দনসহ)
ডাকবাংলো, গলাচিপা
২৫ জানুয়ারী, ২০১৫
রাত ১২.০১ টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



