৬ষ্ঠ পর্বের লিংক: Click This Link
.
কোন একটা জিনিস ব্যবহার করে তাতে অভ্যস্ত হয়ে পড়লে, সেটা আর ছাড়া যায় না। যদিও সেটা মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে না, তবুও সেটা নষ্ট হলে বা হারিয়ে গেলে, খুব দ্রুতই তা আবার কেনার জন্য মন ছটফট করে। মোবাইলটা তার জ্বলজ্যান্ত উদাহরণ।
.
ভাগ্নির একটা মোবাইল নিয়ে দু’দিন অফিস করলাম। তারপর একটা মোবাইল কিনলাম। আস্তে আস্তে ফিকে হয়ে আসে হারানো মোবাইলের স্মৃতি। আজ তেইশ দিন হলো মোবাইল ছিনতাইয়ের। মনের মধ্যে অনেক ক্রিয়া-প্রতিক্রিয়া চলে, চলছে – ওই ঘটনা নিয়ে।
.
মোবাইল ছিনতাইকারী শাহানার কাছে অনুরোধ করেছিল, ওকে ক্ষমা করে দেওয়ার জন্য। সেদিন মাছ কিনে সেগুলো কুটার জন্য দাঁড়িয়ে ভাবছিলাম ওর ক্ষমা চাওয়ার ব্যাপারটা। সেদিন রাতেই আমি ওকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তাতেই কী ও রেহাই পেয়ে যাবে? এই যে ছেলেটা, আমার ছয় পদের মাছ কুটে এক শো আশি টাকা নিল, এমনি আরো অনেকের মাছ কুটে সে রোজগার করছে। পরিশ্রম করে জীবন চালাচ্ছে। সেই ছিনতাইকারী কী জবাব দিবে স্রষ্টার কাছে যখন উদাহরণ হিসেবে এই মাছ কুটা ছেলেটাকে হাজির করা হবে? শুধু এই ছিনতাইকারী কোন, আমরা অধিকাংশ মানুষ আমাদের মন্দ কাজের জন্য কোন না কোন যুক্তি দাঁড় করাই। একটুও ভেবে দেখি না সেই বিরূপ পরিস্থিতি অন্য একজন সৎ ভাবে সম্পাদন করছে। সুতরাং আমার –আপনার অসাড় যুক্তি সেদিন স্রষ্টার কাছে মুখ থুবড়ে পড়বে।
.
ফজরের শান্ত-ধীর সকালে মনটা খুব নরম থাকে। ইমাম সাহেবের পিছনে তারঁ সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনি। ভাবি, হঠাৎ ছো দিয়ে চোখের নিমেষে আমার মোবাইলটা নাই হয়ে গেল। সেটা আর ফিরে পেলাম না। এমনি করে শেষ বিচারের দিন, আমল গুলো যখন পতঙ্গের মতো উড়তে থাকবে। আমি দিশেহারা হয়ে থাকব। সেদিন যদি আমলনামাটা আমার বা হাতে এসে পড়ে। হায়! আমার মতো দুর্ভাগা তো কেউ হবে না সেদিন। ছিনতাইকৃত মোবাইল কেনা যায়, কিন্তু বা হাতে প্রাপ্ত আমল তো বদলানো যাবে না। নিজের অজান্তেই আমার চোখ ভিজে আসে।
.
ফজরের নামাজ শেষে কিছুক্ষণ হাঁটি। ভোরে ঠাণ্ডা বাতাসে মনটা জুড়িয়ে যায়। সারি সারি উঁচু দালানের মাঝেও কোথাও কোথাও এখনো ফাঁকা। নগরায়নের সেই অপূর্ণতার কারণে এখনো রাত শেষে সাদা চাঁদের দেখা পাই। কখনো সেই গোল সাদা চাঁদ দেখি আকাশের পশ্চিম-দক্ষিণ কোণে। কখনো ক্ষয়িষ্ণু সেই চাঁদ একেবারে মাথার উপরে, দক্ষিণ বরাবর দেখতে পাই। চাঁদের মাসের হিসেব জানি না। তবে পত্রিকা দেখে অনেক কিছু বুঝতে পারি। চাঁদের কোন তারিখে চাঁদ কী আকার ধারণ করে। বড় সুন্দর, রহস্যময় এই জগত।
.
তাঁর চেয়েও রহস্যময় মানুষের মন। সে কখন, কোন ঘটনা থেকে কী আহরণ করবে, সে নিজেও তা জানে না।
.
মো. শামছুল ইসলাম
২৭ এপ্রিল ২০১৯
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




