গেল সপ্তাহে সাইতামা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছোট ছোট ছেলেমেয়েদের জন্য আয়োজন করেছিল, বাস ভ্রমণের। ছুটির দিন থাকায়- মেয়ে নিয়ে আমিও ভিড়ে গেলাম, সেই দলে।
আমাদের দর্শন স্থলের নাম ওগাওয়ামাচি। এটি সাইতামা শহর থেকে বাসে চড়ে দুঘন্টার পথ। ওগাওয়ামাচি সাইতামা প্রদেশের একদম কেন্দ্রে অবস্থিত। এই শহরকে ঘিরে আছে চিচিবু পাহাড় এবং দুটো পাহাড়ি নদী।
না আজকের বর্ণনা এর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নয়।
তাহলে গোড়া থেকেই বলি। যথা সময়ে বাস ছাড়লো। সারা পথ বাচ্চাদের স্কুলের, জাপানিজ শিক্ষকরা নেচে গেয়ে বাচ্চাদের মাতিয়ে রাখলেন।
এখানে এসে আমরা প্রথমে ঢুকলাম; একটি ছোট্ট মিউজিয়াম এ। এই মিউজিয়ামে হাতে কাগজ তৈরী করা হয় এবং কাগজে নির্মিত সামগ্রীর প্রদর্শনী করা হয়।
শুরুতেই আমরা গেলাম, কাগজ তৈরীর ঘরে। সেখানে এক মহিলা কাগজ বানাচ্ছেন।
একটি হাউসে পানি সহ মণ্ড রাখা আছে। তিনি সেটি চালুনি দিয়ে ছেঁকে তারপর ভেজা মণ্ডটি উঠিয়ে, কেটে তাতে সত্যিকারের বাহারি লতাপাতা সাজিয়ে নক্সা তুলছেন। এরপর এটিকে একটি যন্ত্রে শুকিয়ে বানানো হচ্ছে কাগজ।
জাপানে হাতে বানানো কাগজের অনেক কদর। এসব কাগজে প্রস্ত্তত করা হয়, পোষ্ট কার্ড, উপহার সামগ্রী সাজানোর মোড়ক, বিভিন্ন ঘর সাজাবার দ্রব্য, খেলনা ইত্যাদি।
কাগজ দিয়ে বানানো থ্রী ডাইমেনশনাল ছবি।
তৈরী করার পর কাগজগুলো সাধারণত দেখতে এরকম হয়।
কাগজ দিয়ে তৈরী পোস্ট কার্ড।
জাপানে প্রথম কাগজ নিয়ে এসেছিল, দোঞ্চ নামের একজন যাজক ৬১০ খ্রীষ্টাব্দে। সেই সময় জাপানে বৌদ্ধ ধর্মের খুব প্রচার এবং প্রসার চলছিল। বুদ্ধের বাণী লিখে রাখার জন্য তাদের প্রচুর কাগজ দরকার হত।
যারা বুদ্ধের বাণী প্রচার করতেন; তাদের কিছু যাজক এসে বসতি গড়লেন, সাইতামা প্রদেশের তকিগাওয়া গ্রামে। সেই গ্রামের নিকটতম শহরই হল এই ওগাওয়া। যেখানে যাজকগণ কাগজ তৈরী করা শুরু করলেন।
প্রায় ২০০ বছর আগেও এ শহরে প্রায় ১৩০০ ঘর কারিগর কাগজ তৈরী করতেন।
এখন কমতে কমতে ১০ ঘর কারিগর শুধু এই কাগজ তৈরী করেন।
পুরো জাপান জুড়ে এই কাগজ এবং কাগজ তৈরীর কারিগরদের অনেক কদর।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



