মাটির শরীরে জমা হবে মিহি কণা, তপ্ত বালু
সারা দেহ খাবে মাটি তার অতৃপ্ত ক্ষুধায়।
হৃদয়ের ভাঁজে জমা অনাবিল রক্তস্রোতধারা
মাটির উষ্ণতা শুষে নেবে রং লোহিত কণিকা
উবে যাবে জীবনের জমাট ভালোবাসার মেঘ।
যে চোখ তোমার রূপে-গুণে তাকাতো বিস্ময়ে
সহস্র তারার ফুলে দেখতো তোমার মুখ ও আদল
একদিন জ্যোৎস্নাভেজা নিশীথে নামবে অন্ধকার
অজস্র অমার কালো তার সঙ্গী হবে সারাক্ষণ।
যে হাত তোমার ঐ চিবুক ছুঁয়ে যেতো অনায়াসে
তাকে খুবলে খাবে গুবরে পোকা, কেঁচো, কেউটে
একদিন পাতালের লিফ্ট এসে নিয়ে যাবে দেহ
আরও পাতালে যেখানে রয়েছে মৃতেরই হাট-ঘাট।
জন্মেছিলাম যে মাটিতে মিশবো সেখানেই ফের
উত্থানও চাই সেই মাটিতেই এ দেহের ও প্রেমের!
14.05.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



