উথাল পাথাল ঢেউ ওঠে, তুমুল আঘাত হানে
ক্ষীপ্র রোষ ভেঙে দ্যায় ভারসাম্য স্থিত প্লবতার।
জোয়ারে জোয়ার তোলে বুকে জাগে সমুদ্র সফেন
অব্যর্থ পাড়ের দিশা ঢেকে ফেলে গভীর তিমির
হাল ভাঙে, পাল ছেঁড়ে, নিশ্চিত ডোবার ভয়
সঘোষে বন্দনা করে আহাজারী ঝড়ের তাণ্ডব।
বিষাক্ত চোয়ালে ওই এলো বুঝি প্রাণনাশী জীব
কুরে কুরে খাবে নাকি ধ্যানপুষ্ট মাংসল শরীর!
স্রোতের উজান টেনে তবুও কে যায় ওই মাঝি
আশাময় ক্ষণ গুণে, হাল টেনে পাড়ের আশায়
এখনো কী নিবু নিবু শিখা তার জ্বলছে আঁধারে
আলোহীন আলো দেবে মুছে দেবে ম্লেচ্ছ অন্ধকার
বিশ্বাসের তন্ত্র থেকে কে ওই বাড়িয়ে দ্যায় আশা
কতোটুকু শক্ত হাত, দগ্ধ মন প্রলয় গভীর!
ওই তো জ্বলছে তার কান্তিনাশী আলোর দিপালী
ব্যথার জঠর চিরে জেগে ওঠে নক্ষত্র হৃদয়
সুখ দ্যায়, আশা বাঁধে এলো ক'রে বুকের গহীন
স্বপ্নীল আকাশে ওই জ্বলজ্বলে শুকতারা ভাসে
কালের পরত থেকে শতাব্দীর কাম্য সূর্য ওঠে।
01.07.84
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



