"লাখো শহীদের রক্তে,
আর বীরাঙ্গনার সম্ভ্রমে কেনা,
আমার আজকের বাংলাদেশ,"
একটা সময় এই কটি কথায়,
শরীরের সমস্ত ধমনী শিরায়,
উত্তাপ ছড়াতো রক্তকনিকাগুলো,
হৃদপিন্ডের অলিন্দ নিলয় ছুঁয়ে,
শিহরণের বিদ্যুত খেলে যেত,
কিন্তু আজ বড় একঘেঁয়ে যেন,
ক্লান্তির,গ্লানির,বিরক্তির,ঘৃণার,
মাঝে মাঝে মনে হয় এ যেন,
আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে,
নিজের প্রতিবিম্বের প্রতি ছুঁড়ে দেওয়া,
অশালীন সব গালির মতন,
পরিনত পরিহাসে নতজানু আমি,
অবাক লাগছে?লাগতেই পারে,
জানোইতো সত্যের কাছে আমরা অসহায়,
উপলব্ধির কাছে আমরা চিরপরাস্ত.
এবার ১৬ ই ডিসেম্বর বিজয়ের মিছিলে,
ওরা যখন উল্লাসে ফেটে পড়বে,
মঞ্চ থেকে মঞ্চে গড়াবে ভন্ড উচ্ছ্বাস,
আমি তখন কালো কাপড়ে নিজেকে মুড়িয়ে,
ক্ষমা চাইবো মানচিত্রের কাছে,
ক্ষমা চাইবো লাল সবুজের পতাকায়,
কেন নয় বল?কি দিয়েছি?
একাত্তরে মার্চের কালো রাত্তিরে,
ওরা রক্তস্নাত স্বপ্নের বীজ বুনে গেল,
ডিসেম্বরের ষোলোয় হলো অঙ্কুরোদ্গম,
কালপরিক্রমায় স্বপ্নপিয়াসী সেই চারা গাছ,
আজ চল্লিশের দোরগোড়ায় দাঁড়ালো,
অথচ আজ আগাছার জঞ্জালে সে অস্তিত্বহীন,
এই চল্লিশের কোঠায় দাঁড়িয়েই,
পারমানবিক বোমায়-বিধ্বস্ত হিরোশিমা-নাগাসাকি,
হয়ে উঠেছিল প্রযুক্তির উত্কর্ষিত সাম্রাজ্যের,
অঘোষিত মুকুটহীন এক সম্রাট,
আর আমি এখনো বীজ বুনে চলেছি,
ঘুনেধরা কালোকায় স্বপ্নের অন্ধ কাঁটা,
দুর্নীতি-সন্ত্রাস-রাজনৈতিক অস্থিরতায়,
নৈতিক অবক্ষয় আর অর্থনৈতিক বিপর্যয়ে,
অতীতকে পুঁজি করে মিথ্যে আসার ভার ঠুকেছি,
আর কত কলঙ্কের ভার তাতে চাপিয়ে দিয়ে,
আমাকে নির্লজ্জ হেসে যেতে বলবে তোমরা?
এবারের বিজয় উত্সবে,
জয়ের মুখোশে আমি হব পরাজিত স্লোগান,
আমি গাইব,আমি অপরাধী উত্তরাধিকার,
ক্ষমা চাইবো মানচিত্রের কাছে,
ক্ষমা চাইবো লাল সবুজের পতাকায়,
আকাশের বুকে জ্বলুক একটি বাসনা,
"লাখো শহীদের রক্তে,
আর বীরাঙ্গনার সম্ভ্রমে কেনা,
আমার আজকের বাংলাদেশ,"
এই কটা কথার পাশেই হয়তো,
কোনো একদিন বলতে পারব,
"কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ,
আমার আজকের বাংলাদেশ"....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


