
বাঙালি মানেই ইলিশ পাগল, ইলিশ মাছ খেতে পছন্দ করেনা এমন বাঙালি খুঁজে পাওয়া যাবেনা, তবে এ্যালার্জি জনিত সমস্যার কারণে অনেকের এই সু-স্বাদু মাছটিকে এড়িয়ে চলতে হয়। বাঙালি হিসেবে এটা খুব কষ্টের এবং কিছুটা ত্যাগেরও ।
খুব ছোট বেলার কথা দিয়ে শুরু করি। সে সময় ইলিশ খুব সস্তায় পাওয়া যেত। তখন ইলিশ মাছের আলাদা কোন কদর ছিলনা, বিশেষ করে গ্রামে কেউ ইলিশ মাছ খেলে তার মুখ থেকে যে গন্ধ বের হতো সেটা অনেকেই সহ্য করতে পারতো না এবং মাছ খাওয়া ব্যক্তিটিও অন্যের মাঝে কথা বলার সময় নিজেকে সংযত রাখত। এগুলো খুব বেশি দিনের কথা না। তখন ইলিশের চেয়ে চিংড়ি, রুই, রাইখড়সহ আরো বেশ কিছু মাছের কদর বেশি ছিল, কারণ ইলিশ বাদে অন্যান্য প্রায় সব মাছই ইচ্ছে করলে নিজেই নদী থেকে ধরে খাওয়ার উপায় ছিল, কিন্তু ইলিশ খেতে হলে তাকে অবশ্যই টাকা দিয়ে কিনেই খেতে হতো। একবার তো পাটের দাম হলো চল্লিশ টাকা মণ, ইলিশের কেজিও ছিল চল্লিশ টাকা; তার মানে ১ মণ পাট বিক্রি করে ১ কেজি মানে ১ সের ইলিশ কেনা যেতো- যা গ্রামের একজন কৃষকের জন্য ব্যপারটা সহজ ছিলনা
যাইহোক, এখন বর্তমানে আসি। পত্রিকায় দেখলাম, কয়েক সপ্তাহ হলো, নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বিশেষ করে ভোলার দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাসন ও মনপুরার বিভিন্ন মৎস্য আড়তে এখন ইলিশের ছড়াছড়ি। জেলে ও পাইকারদের মুখে আনন্দের বন্যা। ধারনা করা হচ্ছে, প্রজননের সময় ইলিশ ধরা বন্ধ থাকার কারণেই ইলিশের এই বাড়তি উৎপাদন। তবে অন্য বছরের তুলনায় এবার নাকি মৌসুম শুরু হয়েছে একটু দেরিতে, যার ফলে আর কিছু দিন পরেই আবার প্রজনন মৌসুম শুরু হবে এবং বেশ কিছু দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকবে। এজন্য জেলে ও পাইকাররা কিছুটা চিন্তিত।
এবার আসি বাজার ও দামের কথায়। যে কোন একজন আড়তদার ১ কেজি ওজনের ১ হালি ইলিশ চার হাজার টাকায় বিক্রি করছে পাইকার ও বেপারিদের কাছে, সেখানে ১ জন জেলে অবশ্য কত টাকায় আড়তদারদের দিচ্ছে, তা আমরা জানতে পারছি না। তবে ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা শহরে ১ কেজি ওজনের এই ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা বা তারও বেশি দরে। যা এক অর্থে বলা যায় সাধারণ ক্রেতা মানে স্বল্প আয় বা নির্দিষ্ট আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই হলো ভরা মৌসুমে আমদের ইলিশের বাজর দর। তার মানে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও ঝাঁকে ঝাঁকে সব শ্রেণীর মানুষ তা খেতে পারছে না।
তাই এসব স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষদের ৪০০ টাকা থেকে ৭০০ টাকা কেজি দরের ছোট ইলিশের স্বাদ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। বড় ইলিশের স্বাদ, তেল, চর্বি সবটাই এখনো তেল-চর্বিওয়ালা মানুষের পেটেই যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



