
আমার এক হাতে মৃত্যু আরেক হাতে বেঁচে থাকার মন্ত্রণা,
সামনে পিছনে ডানে বামে অসংখ্য প্রাণের স্পন্দন,
সবাই বাঁচতে চায়
শীতে
বসন্তে
বর্ষায়
হেমন্তে
বাতাসে কবে কার উড়ে গিয়েছিল শাড়ির আঁচল,
সেখানে স্নেহ ছিল নাকি মমতা, না ভালোবাসার পরশ
মনে পড়ে
সোনালী ভোর, দৌড়ে ঘর থেকে বাহির
তারপর সারাদিন কাঁঠাল-পাতায় টাকার হিসেব
দৃষ্টি গভীর হলে এখন বন্ধ হয়ে যায় দু'চোখ
দেখি উড়াল কৈশোর, দুরন্ত যৌবন, ঘরে ফেরা দুপুর
কোথায় যেন কেউ বসে আছে এখনো,
লম্বা চুল, চোখ মেলে চেয়ে দেখছে
আমার প্রতিটা পদক্ষেপ, হেঁটে চলা, এগিয়ে যাওয়া
ভাবতে পারিনা, পৃথিবীর গভীর অসুখ এখন
অসংখ্য মৃত্যুর মিছিল
লক্ষ-কোটি প্রাণ, যুদ্ধ করছে, বেঁচে থাকার
তাদের সাথে আমিও স্বপ্ন দেখছি একটা নতুন ভোরের...
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




