
সুতোকাটা ঘুড়ির মতো ছিল মাছ ধরার নেশা
পিছনে পিছনে দৌড়ে যাওয়া;
কোথায় গিয়ে যে পড়বে, ভাবা যায় না !
সন্ধ্যা হয়েছে । আখ ক্ষেতের উপর দেখা যায় সুতোটা
কিন্তু ঘুড়ি কোথায় ?
দেখি আব্বার হাতে মাছ ধরার হুইল । বাড়ি ফিরছে ।
সারাদিনের রোদপোড়া মুখ, অথচ শান্ত ও নির্মল;
বাড়ি পৌছেই শুরু হলো মায়ের বকুনি -
নির্ঘাত দুপুরে ঠিকমত খায়নি
আমার নির্ঘুম সারারাত
সকালে কি পাব ঘুড়িটা ?
ভোর হতেই চলছে আব্বার প্রস্তুতি, আজও নদীতে যাবে,
মা বুদ্ধি করে লুকিয়ে রেখেছে মাছ ধরার সরঞ্জাম
আমার নিরীহ বাবার তাতে কোন রাগ নেই, কোন প্রতিবাদও ।
আজ কত বছর হয়ে গেল, বাবা নেই; আমিও
এখন আর কোন ঘুড়ি উড়ায় না ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২০ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


