বোকা মেয়েটার মন খারাপ। তার চশমার ডাটি ভেঙে গেছে।
বললাম- 'বলত দেখি- কোন সে শয়তান, নাকে বসে ধরে কান?'
সে অভিমানী গলায় বলে- 'জানি না!
আমি হাসি.. 'তোর ভাইয়াকে বল নতুন চশমা এনে দিতে।'
সে আরও বেশি মন খারাপ করে বলে- 'ভাইয়া তো বাসায় নেই..
-'উম্ম..তাহলে আমিই কিনে দেব। কাল সকালে ক্লাশে যাবার আগে আমরা চশমার দোকানে যাব..খুশি?'
-'আমি কেমন করে দোকানে যাব? আমি তো চশমা ছহড়া কিছুই দেখি না
আমি হেসে ফেলি। বোকা মেয়েটার চশমার পাওয়ার -1.5। আর সে ভাবে সে চশমা ছাড়া কিছুই দেখে না- এমন কি কাছের জিনিসও নয়।
আমি বলি- 'একটা টেপ দিয়ে ডাটি আঁটকে নিস- দোকানে গিয়েই চেইঞ্জ করে নেব।'
-'আচ্ছা
কলেজে ওর প্রিয় ছিল আদিত্য স্যার..স্যারের প্রিয় ছিল রবী ঠাকুর। একদিন বোকা মেয়েটাও বসে গেল সঞ্চয়িতা নিয়ে। দু'পাতা পড়েই মুখ কালো করে ফেললো। আমি বললাম- 'ছোট গল্প পড়ে দেখ। হয়ত তোর ভাল লাগবে।' গল্পগুচ্ছটা হাতে নিয়ে বাড়ি চলে গেল।।
রাতে ফোন এল- 'আচ্ছা বলত.. রবীন্দ্রনাথ যে জীবনে যা কিছু লিখেছে তাতে কত দিস্তা কাগজ লাগতে পারে?'
আমি হেসে ফেলি।
-'তাহলে রবীন্দ্রনাথের সাথে তোর জমল না..না?'
-'একদম নাহ্
হেসে বলি- 'কবিতা শুনবি?'
-'হুমমমম...'
আমি ওকে কবিতা শোনাই-
তোর সাথে চেনা
সহজে হবে না--
কানে কানে মৃদু কণ্ঠে নয়।
করে নেব জয়
সংশয়কুণ্ঠিত টোর বাণী--
দৃপ্ত হাতে লব টানি
শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধা দ্বন্দ্ব হতে
নির্দয় আলোতে।
জাগিয়া উঠিবি অশ্রুধারে,
মুহূর্তে চিনিবি আপনারে,
ছিন্ন হবে ডোর--
তোর মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর।
-'বাহ্! অনেক সুন্দর তো! তুই লিখছিস?'
-'ধুর বোকা মেয়ে..এটা রবীন্দ্রনাথের কবিতা'
-'সত্যি?'
-'হুম'
-'তাহলে তো লোকটা ভালই লেখে..তাই না রে?'
আমি আবার হেসে ফেলি।।
বোকা মেয়েটা শুধু অভিযোগ করে- 'তুই মেইল করিস না কেন? আমাকে ভুলে গেছিস তাই না?'
আমি হাসি..বোকা মেয়েটা নিজের কথা বলতে চায় না। শুধুই আমার কথা শুনতে চায়। আমি মেইল করি.. একটা.. দু'টা.. তিনটা..
বোকা মেয়েটা বলে- 'আরও বড় মেইল চাই! আরও বড়..'
আমার ব্যস্ততার সাথে ওর যত আড়ি..যত রাগ আমার নিরুত্তাপ দিনগুলোর সাথে..
বোকা মেয়েটার খুব ভুতের ভয়..মাঝরাতে ফোন দিয়ে ফিসফিসিয়ে বলত- 'অ্যাই..আমার দরজার বাইরে কে যেন দাড়িয়ে আছে!'
আমি হেসে ফেলতাম..
আজও মোবাইলে তার অভিমানী ক্ষুদেবার্তা। বইয়ের পাতায় ডুবে ছিলাম বলে দেখা হয়নি।
আমি ফোন দেই বোকা মেয়েটাকে.. ফোন বেজে চলে-
বোকা মেয়েটা ঘুমিয়ে পড়েছে..
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


