আমার একবার ইচ্ছে হল ছোট্ট কচ্ছপ হয়ে যাই! যখন-তখন ইচ্ছে হলেই উল্টো করা বাটির ভেতর হাত-পা গুটিয়ে লুকিয়ে পড়ব। কেউ তখন খুঁজে পাবে না আমাকে। হঠাৎ দেখে পাথর ভেবে ভুল করবে! ঝড় হবে, বৃষ্টি হবে- আমি ঢুকে থাকব আমার উল্টো করা বাটিতে।
এরপর একদিন ফোন নাম্বারটা পাল্টে নিলাম। ফেসবুক আর ইয়াহু প্রোফাইলটা বন্ধ করে দিতেই- ব্যস! হয়ে গেলাম কচ্ছপ!
আর একবার মনে হল বিড়ালের বাচ্চা হব- ছোট্ট একটা বিড়াল ছানা যেটা সারাক্ষণ গা ঘেষে আদর নিতে চায়। ছেলেটাকে বললাম একটা ছোট্ট বিড়ালের বাচ্চার কথা..
-বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসব!
ইশ! কী নিষ্ঠুর ছেলে রে বাবা!
যাই হোক- এরপর থেকে বিড়াল হবার প্ল্যানটা বাদ।
অনেকদিন আগে ভেবেছিলাম একবার ঘাসফড়িং হব। তখন আমার ডানার রং কি হবে? নীল হলে কেমন হয়? ছেলেটার খুব প্রিয় এই নীল..
এরপর একদিন জানতে পারলাম ঘাসফড়িং এর সপ্ন হল আগুন! ওরা আগুন খুঁজে বেড়ায়। এরপর একদিন বোকা ঘাসফড়িং আগুনে ঝাঁপিয়ে পড়ে- পুড়ে যায় ওর নীলচে ডানা!
আমি তবুও ঘাসফড়িং হব- ঝাঁপ দিব গনগনে সূর্যের বুকে।
সূর্য কি আমার পুড়িয়ে দিবে আমার নীলচে ডানা?
যখন খুব মন খারাপ হয়, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। তখন ভাবি গাছ হয়ে যাব!
জোনাকি হব? না থাক! তারচেয়ে তারা হয়ে যাই!
ধ্যাত! ছেলেটা তো তারা চেনে না- খুঁজেই পাবে না কোন তারাটা আমি!
লিলিপুট হয়ে গেলে কেমন হয়?
ওর বুক পকেটে ঘাপটি মেরে থাকবো!
ছেলেটা যদি জিজ্ঞেস করে "অ্যাই পিচ্চি, আজকে তুমি কি হতে চাও?"
ভাবি- আজকে আমি বড় হতে চাই! যত বড় হলে ছেলেটার পাশে হাঁটা যায়- ঠিক তত বড়!
♪♪ আমি তোর কাছেই আছি- সাথেই বাঁচি
কানামাছি ছুঁয়ে যাই..
আমি তোর একার আকাশ সুখের বাতাস
যখন যা চাস আমি তাই ♪♪
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


