আজকে দুপুর থেকে মাথায় ঘুরছে-
"তখন বৃষ্টিভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো.."
সারাদিনের ভেজা পরিবেশটার জন্যই এই লাইনটার উদয় সেটা আমিও জানি। কিন্ত আমার মেজাজ ভীষণ খারাপ। কারণ লাইনটা ঠিক কিসের মনে করতে পারছি না!!
ভাবুন! ভাবুন!
ছোটবেলায় পড়া কোন কবিতার লাইন এটা!
যাই হোক, নিজের গরজেই বের করলাম। এটা 'জোনাকী' কবিতার লাইন। বোধহয় ক্লাশ ফাইভে পড়েছিলাম আমরা..
'তারা একটি দুটি তিনটি করে এল
তখন বৃষ্টিভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো।
তারা একটি দুটি তিনটি করে এল।'
পাঠ্যবইয়ে পড়া আমাদের প্রথম কবিতা কোনটা বলুন তো দেখি? আমারো জানা নেই! সুকুমার রায় এর একটা কবিতা ছিল-
"বায়ু শনশন মাছি ভনভন
চাকা বনবন ফোঁড়া টনটন"
...এটা কি?
নার্সারী ক্লাশে আমাদের প্রতিটি বর্ণ দিয়ে ছড়া পড়ানো হত! ত দিয়ে ছিল-
"তিতা খাও তরকারি খাও
তেলে ভাজা লুচি খাও
তাস তামাক ছেড়ে দাও"
র দিয়ে ছিল-
"রেলগাড়ীতে চড়ে রিংকু রাজশাহী গেল
রাজা নেই শাহী নেই, আম খেয়ে এল।"
ছোটবেলার এই কবিতাটা কি মনে পড়ে-
"ঝকঝকাঝক ট্রেন চলেছে
রাত দুপুলে ঐ
ট্রেন চলেছে ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
একটু জিরোয় ফের ছুটে যায়
মাঠ পেরোলেই বন
পুলের উপর বাজনা বাজায়
ঝন ঝনা ঝন ঝন।
দেশ-বিদেশে বেরায় ঘুরে
নেই কো ঘুরার শেষ
ইচ্ছে হলেই বাজায় বাঁশি
দিন কেটে যায় বেশ!
থামবে হঠাৎ মজার গাড়ি
একটু কেশে খক্,
আমায় নিয়ে ছুটবে আবার
ঝক ঝকা ঝক ঝক।"
এটা তো বোধহয় সবারই মনে আছে-
"বিশ্ব জুড়ে পাঠশালা মোর
সবার আমি ছাত্র"
আমার খুব প্রিয় ছিল-
"রঙতুলিতে ছোপছাপ
মাঠের পাশে ঝোপঝাপ
তার ওপাশে সোনারগাঁ
একটুখানি বসে যা
বসতে বসতে সন্ধ্যা
বইছে বাতাস মন্দা "
তূর্য কে বললাম- "ভাইয়া ছোটবেলার কোন কবিতাটা তোর বেশী মনে পড়ে?"
উত্তর ছিল-
"মনা রে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটতে ঘাস।"
আর ছিল-
'ও বগি তুই খাস কি
পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাই না
পুঁটি মাছ পাই না
একটা যদি পাই-
অমনি ধরে গাপুস-গুপুস খাই।'
অনেক মজার একটা কবিতা ছিল নাম "বড়াই"। দু'টো লাইন ছিল এরকম-
"আমি কি কাউরে ডরাই?
ভাঙতে পারি লোহার কড়াই"
আর কি যেন একটা কবিতা ছিল না-
"আমার যেতে ইচ্ছে করে নদীটির ঐ পাড়ে!"...?
জসীমউদদীনের কবিতাগুলো তো ছিল মাশ্আল্লাহ!
"রাখাল ছেলে রাখাল ছেলে
বারেক ফিরে চাও
বাঁকা গায়ের পথটি ধরে
কোথায় চলে যাও"
কিংবা- "এই গায়ের এক সোনার ছেলে লম্বা মাথার চুল"
আর যাই হোক, এটা তো মনে আছেই সবার-
"আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই.."
এটা তো মনে থাকারই কথা-
"এই নিয়েছে! এই নিল যাহ! কান নিয়েছে চিলে
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে"
ওহহো! এটা কি করে বাদ পড়ে!
"মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি
দাড়াও না একবার ভাই!
... ... ...
পিপীলিকা পিপীলিকা দলবল ছাড়ি একা
কোথা যাও? যাও ভাই শুনি"
কি? ছোটবেলায় পড়া হাজারো লাইন মাথায় ঊঁকি দিতে শুরু ক্রেছে তো?? ছোটবেলার কবিতাগুলো কিন্ত আমার কিছুই শিখিয়েছে। স্বপ্ন দেখাটাও কিন্ত এই কবিতাগুলো থেকেই শেখা!
কবিতারা কখনো আমাদের হাসির খবর শুনিয়েছে-
"হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই?
এই দেখ না কত হাসির খবর বলে যাই!"
কখনো ভয় দেখিয়ে বলেছে-
"তেড়ে-মেরে ডান্ডা
করে দিব ঠান্ডা"
সুকুমার রায় আমার এখনো খুব প্রিয়!
খিচুড়ি কবিতাটা মনে আছে তো?
"হাঁস ছিল সজারু (ব্যকরণ মানি না)
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানিনা.."
এই কবিতায় আমার সব থেকে মজা লাগতো এই লাইন দুটো-
"গরু বলে আমারেও ধরিল কি ও রোগে
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে!"
এখনো মাথায় ঘোরে এই কবিতাটা-
"ভয় পেও না ভয় পেও না
তোমায় আমি মারব না
সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না"
এর শেষটুকু সব থেকে মজার! এতবার বলার পরও যখন মানুষটা ভয় পাচ্ছে তখন দৈত্যটা বলল-
"অভয় দিচ্ছি শুনছ না যে- ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডটা!
আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে
সবাই মিলে কামড়ে দিব- মিথ্যে অমন ভয় পেলে!"
(খুব্বি এলোমেলো লেখা! আমি নিজের উপরই বিরক্ত!
কবিতাগুলো সব নিজের স্মৃতি থেকে লেখা- ভুল থাকারই কথা! শুধরে দিলে ভালোই লাগবে...
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


