ভর্তি পরীক্ষার অনেক ঢাল-তলোয়ার যুদ্ধে হেরে অবশেষে অনেক গাদাগাদির ভিড়ে নদীর নামটাও জায়গা করে নিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের বাছাই তালিকায়।
হলে আসার দিনটা যতই কাছে আসছিল নদীর মনটাও তার সাথে পাল্লা দিয়ে খারাপ হচ্ছিলো। এই ছোট্ট নিজের ঘর, ওই লম্বা আয়নাটা, মায়ের বকুনি, বাবার আশ্রয়, ছোটনের উপর খবরদারি, সব বিসর্জন দিয়ে চলে যেতে হবে, ভাবতেই মনটা হুহু করে উঠছে। যদিও ছাই চাপা আগুনের মত, একটা উদ্দাম অস্থিরতা কাজ করছিলো ওর ভেতর, সঙ্গে অজানা আনন্দের হাতছানি। সদ্য চোখ ফোটা পাখির ছানার যেমন নতুন দেখা পৃথিবীটাকে অনেক আলো ঝলমলে মনেহয়, নদীর অবস্থাও কিছুটা অমন।
নদীর বিদায় উপলক্ষে বাসায় কাঙ্খিত-অনাকাঙ্খিত মানুষের আনাগোনা বেড়ে গেছে। সবাই আসে উপদেশের ঝুড়ি ভর্তি করে, আর সব উজাড় করে ঢেলে দিয়ে যায় নদীর উপর। মানুষ বিদেশে পড়তে গেলেও বোধহয় এসব হয় না। হবেই বা না কেন.. নদী যে এ বাসার একমাত্র বড় মেয়ে, বড়ো আদরের মেয়ে। তাই মুমিন সাহেবের মনটাও বেশ বিষণ্ণ। রোজ অফিস থেকে বাসায় এসে, তার এই চুপচাপ মেয়েটার মুখখানা না দেখলে বেশ অস্থির থাকেন।তার এই ঘরকুনো মেয়েটা এক দিনের জন্য ও তাদের ফেলে কোথাও গিয়ে থাকেনি, আর আঠারো বছরের এই অভ্যাস , , ,সেই মেয়ে কিনা কোন দুরের এক ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হল।
বাসা থেকে আসার আগে নদীর সবচেয়ে প্রিয় ওর বইএর আলমারির দায়িত্ব দিয়ে এসেছে ছোটনকে। কতোরাত বাচ্চাদের মত চোখের জলে বালিশ ভিজিয়েছে আম্মুকে ছেড়ে আসতে হবে তাই, যদিও মায়ের সাথে নদীর ঝগড়া তিন বেলার খাবারের মত রুটিন মাফিক হয়।
নিজের ভেতর নিজেরই তৈরি করা বিশাল স্বপ্নময় এক জগতের বাসিন্দা নদী। এরকম জগতের মানুষদের বাইরের দুনিয়াটা অনেক ছোটো হয়। আপনকল্পের সুক্ষ জালের প্রতিটি কুঠুরী হয় এদের এক একটি জগত, আর সেই জগতের প্রতিটি রাস্তায় একাকিত্বের নূপুর পায়ে নদী হাটে রাত-দিন-গোধূলি ভর।
বিশাল সবুজ অরণ্যের পাশে যদি একটা ছোট্ট ঝর্ণা একে দেই, তার নীচে যদি আঁকি দুটো বুনো ফুলের ঝোপ, তবে সেই বুনো ফুলের মতো একটা ঐশ্বর্যময় বিষণ্ণতা আছে নদীর চোখে মুখে। চোখের দিকে তাকিয়েই বলতে ইচ্ছে হয়-"এই মেয়ে তুমি কি নদী"?
এই বিশ্ববিদ্যালয় টাও কেমন অদ্ভুত কিসিমের। সবুজে ঘেরা চারপাশ, গ্রামের মতো নরম নরম এর প্রকৃতি, সাগর পারের আকাশের মতো বিশাল আর বর্ণীল এর আকাশ। দাদাবাড়ির মতো ঝিঁঝিঁ র ডাক শোনা যায় এখানে। কাল বাবা ই নিয়ে এসেছে নদীকে। সাবজেক্ট পেয়েছে, হলের বরাদ্দ হয়েছে। প্রকৌশল পরবে নদী। গর্বিত বাবা, যাবার সময় মাথায় হাত বুলিয়ে বলেছেন- সাবধানে থাকিস মা। বড়ো কঠিন , এই বিদায়.।.। বুকের ভেতরটা ভারী হয়ে আসছিল মুমিন সাহেবের। নিজেকে সামলে বিদায় নিলেন।
চারপাশে নতুন নতুন সব মুখ, নতুন রুম-রুমম্যাট, হল, ক্যাম্পাস, সব আরাধ্য জিনিস এর মাঝে নদী, এক পলকে সব শাসন-অনুশাসনের উর্ধে; তবু এক বিষণ্ণতা ঘিরে আছে নদীকে। কে জানে হয়ত ওর অবচেতন মন কানে কানে বলে দিচ্ছে- যা কখনও দেখনি, যা কখনও শুননি, যা রূঢ়, যা নিষ্ঠুর, যা অপমান,যা অন্যায়, যে জীবন কাদায়, যে স্বাদ এখনো তোমার অজ্ঞেত সব, ওই সব, সে সব কিছু দু হাত তুলে তোমাকে স্বাগত জানাচ্ছে.।.।.। ভয় পেয়ও না নদী, ভয় নেই।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




