সালটা ভুলে গেছি, এম এ আজিজ স্টেডিয়ামে সাত সকালে গিয়ে বসেছি মাত্র। বাংলাদেশ সেদিন প্রথম টেস্ট জিতবে, আর আমিও হব ইতিহাসের সাক্ষী। শেষ দিনে আরও কয়টা জানি উইকেট বাকি ছিল, যেহেতু চট্টগ্রামে সেদিন পর্যন্ত হওয়া সব টেস্ট ম্যাচের ন্যুনতম একটা দিন পুরো আমি দেখেছি তাই উইকেট পড়ার অপেক্ষায় বসে থাকাটা আমার কাছে কোন ব্যপার ছিলনা।
এর মাঝে পুলিশ মার্কা জিএফ(তৎকালিন) এর ফোন- "তুমি কই? আমি এখন কোচিং শেষ করে বেরুইছি, তুমি চিটাগং কলেজ মেন গেটের সামনে আস", বলেই লাইনটা কেটে দেয়। আমার বলার কোন সুযোগ আর ছিলনা। বাংলাদেশের জয় নিজের চোখে দেখব সেই উত্তেজনায় তখন আমার আর কিছু ভাবার সময় ছিলনা তবুও তার সাথে একটু বোনাস ডেটিং এর লোভটাও কিছুতেই ছাড়তে পারছিলামনা।
মনে মনে হিসেব করি, যে কয়টা উইকেট আছে লাঞ্চের আগে কোন ভাবেই সব পড়বেনা, লাঞ্চ বাকি এক ঘন্টা চলবে আরও এক ঘন্টা ততক্ষণে আমি বোনাস মজাটা শেষ করে চলে আসতে পারব। স্টেডিয়ামের গেট পাস নিয়ে একটা অটো ধরে সোজা কলেজ রোড তারপর জিএফ কে নিয়ে জামালখান এর একটা রেস্টুরেন্ট। হিসেব করে দু ঘন্টা শেষ হওয়ার আগেই অনেক কিছু খাওয়া বাকি রেখে বেরিয়ে যাই। স্টেডিয়ামে যাওয়ার জন্য রিক্সা নিব এই সময় কি ভেবে পাশের ইলেক্টনিক্স শো-রুমে উঁকি মেরে দেখি খুব হাসি মুখে আতাহার আলি কে টেলিভিসনে কি সব যেন বলছেন, তার মানে খেলা শেষ আর আমার ইতিহাসের সাক্ষী হওয়াটাও আর হলনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


