
প্রিয়তমা,
আমার আমি
একদম দুমড়ে মুচড়ে গেছি
তবুও
তোমাকে বারবার দেখার ইচ্ছে মরে না
আমি গোধূলির আলোয়
একটা চেরি ফুল
তোমার খোপায় গুজে
বহুদূর হাঁটি
তোমাকে জড়িয়ে গভীর সুখে কাঁদি
সমস্ত যন্ত্রণা গুলি মুগ্ধ চোখে দূর থেকে দেখছে
এমন কত খোয়াব বাতাসে মিশে গেছে
তুমি জানতে যদি !
তুমি অসম্পুর্ন কবিতা
তোমাকে বলা হয়নি
তুমি একটা অসাধারণ ক্যানভাস ও
যাতে কতকিছু আঁকা
কত রঙ মেশাতে বাকী
খুব ছুঁতে ইচ্ছে করে
সাহসে কুলায় না
ভয় হয়
ভয় হয়
যদি তোমাকে নষ্ট করে ফেলি
যদি তোমার কষ্ট যায় বেড়ে
তাই আসা হয় না তোমার কাছে
এমনকি হচ্ছে না দৃষ্টি বিনিময়।
জানি না আমরা কোনদিকে যাচ্ছি
একদিকে খুব আঁধার
আরেক দিকে শিশির ভেজা পাতা বাহার
এ তো অজানা নয়
মৃত্যু আসতে পারে বিনা নোটিশে
যেকোনো সময়
উহু!
সে ভয়ে আমি কাঁদছি না
তোমার শিয়রের পাশে নতজানু হয়ে আছি
চোখ মেললেই যাতে দেখতে পাও আমি
তোমাকে ভালোবাসি
এ তো রুপকথার গল্প নয়
এরচেয়ে বেশী কিছুই হয়।
প্রিয়তমা,
যে শস্যদানাগুলি লুটিয়ে পড়েছে
যে পাখিটি ঠিকানা হারিয়ে
অবিরত কাটছে চক্কর
যে বাড়িগুলি বোমায় উড়ে গেছে
যে শিশুটির ছোট বুক, পেট
সমুদ্রের নোনা জলে ফুলে গেছে
যে নারীটি চিরতরে হারিয়েছে
বাচ্চা দানের ক্ষমতা
যে বৃক্ষে আর কোনদিন বসবে না
কোন কাক পাখি
এমনকি জংলী কইতর
চল ;
আমরা ওদের কাছে যাই
ওদের পাশে দাঁড়াই
দুহাতে ফের বুনতে থাকি সোনালী ভবিষ্যৎ।
জাবড়ে ধর প্রিয়তমা,
আদরে আদরে মারো
বড্ড সত্যি হতে চলেছে
ফুরিয়ে আসছে পৃথিবীর আয়ু
বেঁচে থাকা হয়ে যাচ্ছে
অন্ধের অভ্র - পুষ্প চয়ন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




