
গাছগুলি ঠায় দাঁড়িয়ে ছিল,সন্ধ্যার নীরবতা মেনে
কঙ্কাবতীর হাত ছিল অমলেশের হাতে
আকাশ নেমে আসে দিগন্তে, পৃথিবীর বুকে চুম্বন রেখা টানবে বলে
অমলেশের ইচ্ছা হয় আকাশ হতে
-তুমি আমার পৃথিবী
কঙ্কাবতী।
ভিসুভিয়াস ঘুমিয়ে আছে
তাকে ঘুমিয়ে থাকতে দাও-
আঁধারের ফিস ফিস কথা ভাসে বৃক্ষের শাখে,-সন্ধ্যার নীরবতা
কঙ্কাবতী ছেড়ে দেয় অমলেশকে,-প্রগাঢ় চুম্বনে সিক্ত করে
এই পৃথিবী বুঝি ভালোবাসে আমাকে-
অমলেশ বলে গাঢ় স্বরে,
কঙ্কাবতী কি দেবে আর উত্তর
তখন সে ব্যস্ত অন্য কোন কাজে।
পর্বত হতে নেমে আসা ঝর্ণা কিভাবে ফেরে
তার উৎস মূলে?-বদলে যায় প্রেমের সংজ্ঞা,যে বদলাতে পারে।
২২/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



