বহুদিন আমি নিভৃতকোনে একা একা থেকেছি। উপেক্ষা করে অস্বীকার করে মুক্ত রেখেছি নিজেকে। যখনই কোন আকর্ষন হাতছানি দিয়েছে, তখনই সহজাত প্রবৃত্তির মত প্রতিরোধ সৃষ্টি করেছি। অথবা সঠিকভাবে বলতে গেলে কিভাবে যেন প্রতিরোধ সৃষ্টি হয়েছে এবং কার্যকর হয়েছে। কিন্তু স্বর্গ যেমন চিরকাল আদম আর হাওয়ার বাসস্থান থাকেনি, একসময় তাদের পতন হয়েছে, আমারও সম্ভবত তেমন পতন হচ্ছে বা হতে যাচ্ছে।
মাটির পৃথিবী কি আসলেই খারাপ? এত দুঃখ, এত জরা, এত কালিমা কি আসলেই খুব খারাপ? হা! হা! হা! অবস্থা এমন দাড়িয়েছে যে আমি দুঃখ, জরা, কালিমাকে খারাপ হিসেবে উপস্থাপন করাকেই প্রশ্নবিদ্ধ করছি। এ যেন কোন বিকৃতমানসের ধারালো বা ভোঁতা অস্ত্র দ্বারা মানব শরীরে সজোরে আঘাত করাটা কি আসলেই কষ্টদায়ক কিনা, সেটা প্রশ্নবিদ্ধ করা!
আমার সহজাত প্রবৃত্তি বা আরোপিত প্রবৃত্তি যাকে এতদিন এবং এখনও সহজাত হিসেবেই মনে করে আসছি, হুমকির মুখে পড়তে যাচ্ছে। না, কোন অসীম, অব্যাখ্যাত, চরম বৈশিষ্ট্যপূর্ণতায় সমৃদ্ধ কোন কিছু নয়। বরং কিছুটা খুঁত, কিছুটা নিখুঁত, কিছুটা সাধারণ, কিছুটা অসাধারণ, কিছুটা ঘষামাজা করা উন্নতি, কিছুটা ঘষামাজা ছাড়া সাধারণতার কাছে টানে আবার টানে না, এমন বিভ্রান্তিকর হাতছানিতেই আবদ্ধ হচ্ছি বা হতে চাচ্ছি অথবা হয়ে গেছি ইতিমধ্যে।
শুধু আলোয় চোখ ধাঁধাবে, শুধু অন্ধকারে নির্জীবতা গ্রাস করবে। কিন্তু আলো আঁধারির মিশেল মানেই ভয়ংকর উত্থান-পতনের ঢেউ। যে ঢেউয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা যায়, কিন্তু বিরক্তি ধরে না, আবার সর্বগ্রাসি মুগ্ধতাও জাগে না। মুগ্ধতা মানেই মুগ্ধতা কেটে যাবার ভয়, আবার অনাকর্ষনীয়তা মানেই বিরক্তির ক্রমবর্ধমান অস্বস্তিকর অস্থিরতা। কিন্তু কিছুটা মুগ্ধতা, কিছুটা মগ্ধতা থেকে মুক্তি, এ যেন নিয়তির সাথে বোঝাপড়ার করেই নিয়তিকে মেনে নেয়া, যেখানে আত্মগ্লানির অস্বস্তি বা আত্মসমর্পনের স্বস্তি কোনটাই নেই।
অতর্কিতে দেখা, অতর্কিতে বোঝা অথবা না বোঝা,
কিছুটা চেয়ে থাকা, কিছুটা চোখ সরিয়ে নেওয়া,
অসমসত্ত্ব মিশ্রনের যথার্থ অনুপাত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




