লিখি না অনেকদিন যাবত। লিখতে ইচ্ছে করে কিন্তু লিখতে বসলেই আর উপকরণ খুঁজে পাই না। যদিও অফিসে আসা-যাওয়ার ৪৫+৪৫ মিনিট বাসে বেকার বসে থাকার সময়টাতে নানা ধরনের লেখালেখির আইডিয়া মাথার ভেতর প্যাচ খায়। কিন্তু লিখতে গেলেই হাত গুটিয়ে নিতে ইচ্ছে হয়।
আমার বড় আপার ছোট ছেলে মানে আমার ছোট ভাগ্নে - নাম তার অসীম। আমি অবশ্য ডাকি ২ নম্বর বলে। ২ নম্বর বলার কারণ হলো আমার বড় আপার ২ বিলাই আর ছোট আপার ১ বিলাই। মোট ৩ বিলাই। ৩ জনের মধ্যে অসীম ২ নম্বর (বয়স ভেদে)। ওহ আমি আবার অসীমকে ক্ষেপানোর জন্য মাঝে মাঝে বিলাই বলেও ডাকি। তারও কারণ আছে। ও যখন ছোট কিন্তু কটকট করে কথা বলতে পারে, তখন একরাতে আপা রুমের লাইট অফ করে দিয়ে তার কাছে আসতেই বলে,
"আম্মা, আমি না বিলাই। আমি রাইতেও দেখবার পারি"।
আপা বলেন, "কিরে, তু্ই এইগুলা কি কস?"
ও বলে, "আম্মা তুমি যে লাইট অফ করে আসছো। আমি এখনো দেখতাছি যে লাইট জ্বলতাছে"।
আসলে হয়েছে কি, এনার্জি সেভিং এলইডি লাইট তো জ্বালানো ছিল ঘরে। সেটা অফ করলে সাথে সাথেই ঘর অন্ধকার হয়ে যায় না। ধীরে ধীরে লাইটর সাদা অংশের আলো কমতে থাকে।
তো এইবার যখন দেশে গেলাম, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছি। গিয়ে জানলাম তার সর্বমোট কবুতর সংখ্যা ৬ থেকে ১২ তে পৌঁছেছে। বিলাই আমাকে বলে
"মামা কবুতর বছরে কতবার বাচ্চা দেয়?"
আমিঃ কি জানি, আমি তো জানি না। ৬/৭ বার হয়তো দেয়।
বিলাইঃ না মামা, আরো বেশি। আমি যখন ক্লাশ টুতে উঠলাম, তখন আমি এক জোড়া কবুতর কিনছিলাম। এখনও আমি থ্রিতে উঠি নাই, ৬ জোড়া হইছে আর আমরা কয়েটা খাইছি।
আমিঃ কি জানি; আমার অভিজ্ঞতা নাই।
বিলাইঃ কবুতর বছরে ৮/৯ বার বাচ্চা দেয়।
আমি (অবাক হয়ে)ঃ তাই নাকি?? বিরাট ব্যাপার তো।
বিলাইঃ মামা, আপনার টাকা আছে না?
আমিঃ কেন? টাকা কেন?
বিলাইঃ না বলেন, আছে না?
আমিঃ আছে কিছু।
বিলাইঃ তাইলে কবুতর কিনেন না কেন?
আমিঃ আমি টাকা ব্যাংকে রেখে দিয়েছি।
বিলাইঃ হুম। আব্বাও ব্যাংকে রাখছে, আর আপনিও।
আমিঃ কেন কি হইছে? টাকা তো সচেতন মানুষ ব্যাংকেই রাখে।
বিলাইঃ টাকা ব্যাংকে রেখে লাভ কি?
আমিঃ লাভ তো আছেই। একলাখ টাকা রাখলে প্রতি মাসে ৯০০ থেকে ১১০০ টাকা পা্ওয়া যায়।
বিলাইঃ লাভ না কচু। একলাখ টাকা এক মাসে একলাখ দিলে না লাভ হয়। ৯০০ টাকা কি লাভ হয়??
আমিঃ বোঝলাম না। তুমি কি বলতে চাইছো।
বিলাইঃ আরে মামা, হিসাব তো সহজ। একজোড়া কবুতর যদি ১ মাসে ১ জোড়া বাচ্চা দেয় তাইলে ১লাখ টাকায় ১ মাসে ১লাখ টাকা দিবো না কেন?
(আমিতো প্যাচে পইড়া গেলাম। বোনের বেটায় কয় কি? একলাখে একমাসে একলাখ!!!)
বিলাইঃ মানুষ যে কেন টাকা ব্যাংকে রাখে, তারাই জানে। একলাখ টাকার কবুতর কিনলে ১ বছরে যদি ৮/৯বার করে বাচ্চা দেয় তাহলে কত লাভ।।
আমিঃ আপা, ও আপা, তোমার বিলাই তো বড় অর্থনীতিবিদ হইয়া গেছে। শুনো ও কি কয়!!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



