"…খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল/ছেড়া আর রক্তে ভেজা।"
না, সেদিন সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র বিল্লাল হোসেন-এর রক্তাক্ত নিথর দেহের কোথাও কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র লেখা বায়ান্নের ভাষা আন্দোলনের নায়কের মতো শার্টের পকেটে কোন রক্তে ভেজা চিঠি ছিল না। কিন্ত বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পসে দু’চোখ ভরা তার সোনালি স্বপ্ন ছিল। সে স্বপ্ন ছিল আটপৌরে মধ্যবিত্তের স্বপ্ন। যে স্বপ্ন সবুজ-লাল পতাকার সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন। এখনতো বিশ্ববিদ্যালয়ের কাম্পাসে বায়ান্ন, ঊনসত্তর কিংবা নব্বইয়ের স্বৈরশাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামমুখর পরিস্থিতি নেই। বরং বায়ান্ন, ঊনসত্তর অথবা নাব্বইএ-র রক্ত দিয়ে বোনা স্বপ্ন বীজের ফসল তোলার সময়। তারপর কেন আজ সড়ক দুর্ঘটনায় হ্যাপি, বিল্লাল হোসেনরা, ছাত্র নামধারী শিক্ষা-সন্ত্রাসীদের দখলদারিত্বের মহড়ায় একজন মেধাবী রাজু, আবু বকর কিংবা ফারুকরা প্রাণ হারাচ্ছে, স্বপ্নের চারা গাছ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত? নিহত বিল্লাল হোসেনের বাবা ডাক বিভাগের একজন সাধারণ কর্মকর্তা। তিনি তার জীবনের সবটুকু শ্রমে, ঘামে স্বপ্ন দেখেছিলেন তাঁর বিল্লাল অনেক বড় হবে। তাকেও হয়তোবা একদিন ছাড়িয়ে যাবে। ঠিক যেভাবে একজন বাবা সন্তানের জন্য এবং শিক্ষক ছাত্রের জন্য কামনা করেন। সেই স্বপ্নের অপমৃত্যু কোন এক অনাকাঙ্কিত দুর্ঘটনায় হলে পরে এই সমাজের একজন হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হয়। কিছু সময়ের জন্য হলেও বাকরুদ্ধ হয়ে যেতে হয়, শোকে স্তব্ধ হয়ে যায় চেতনার সব অনুরনন।
আর নিহত সন্তানের সে মা; যার জঠরে বেড়ে উঠেছিল সে? যে কিনা নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভেজে, হলের ক্যান্টিনে কতদিন পেঠ ভরে না খাওয়া তার ছেলের জন্য আরো কত কি নিয়ে আসছে ঈদের ছুটির অপেক্ষায় ছিল। তার সে অপেক্ষার প্রহর কি এ জীবনে কখনো শেষ হবে? আমরাতো কিছুদিন ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে, কিছু আর্থিক ক্ষতিপূরন দাবি করে, নিরাপদ সড়ক চাই শ্লোগান দিয়ে সব ভুলে যাব। ছুটিতে বাড়ি যেয়ে আনন্দ,উল্লাসে ঈদ করব। কিন্ত বিল্লাল হোসেনের শোকার্ত পরিবারে সে আনন্দ আর হবে না। বিল্লাল হোসেনের মায়ের এবার আর ঈদ করা হবে না। বরং আনন্দের পরিবর্তে সেদিন আরো শোকে ভারী হয়ে উঠবে পরিবেশ, পরিবারের প্রতিটি বেদনার্ত মানুষ নতুন করে ডুকরে কেদেঁ উঠবে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের গত মঙ্গলবারের অধিবেশনে বিল্লাল হোসেন স্মরণে এই লেখার শিরোনামে বারোয়ারি বিতর্কে এক বিতার্কিক বলছিলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিনকার মৃত্যুর মিছিল আমাকে আর আলোড়িত করে না! সত্যিইতো। দিনদিন আমাদের অনুভূতি কেমন ভোতা হয়ে যাচ্ছে? আমরা ক্রমশ বোধহীন জাতি হয়ে যাচ্ছি। অনেক দুসংবাদে আমরা আজকাল অভ্যস্ত হয়ে উঠছি। সরকারের সড়ক দুর্ঘটনা নিয়ে নির্বিকার ভাব দেখলে তাই মনে হয়। দেশে আজ বিরোধী দল ব্যস্ত ক্যান্টনমেন্টের সুরক্ষিত বাড়ি রক্ষার আন্দোলনে আর সরকারি দল ব্যস্ত সুরক্ষিত শুল্কমুক্ত গাড়ি নিশ্চিত করার দেন দরবার নিয়ে। আর আমরা এই সাধারণ জনগণ যাদের ভোটের সময় দু’দলেরই বড় প্রয়োজন হয়; প্রতিদিন মরছি অরক্ষিত গাড়ি এবং বাড়িতে বসে! এ যেন সুরক্ষিত দেশে অরক্ষিত মানুষের নীরব মৃ্ত্যুর মিছিল।
আজ সময় এসেছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন একজন চিত্রনায়কের ঘাড়ে না দিয়ে সরকারে নিজের ঘাড়ে নেয়ার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসীদের করদরাজ্য না বানিয়ে সত্যিকার জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করার। পথকে মৃত্যুর না বানিয়ে নিরাপদ এবং শান্তির করে তোলার।তাহলে উত্তরবঙ্গ থেকে হ্যাপি, যে মেয়েটি বেগম রোকেয়ার স্বপ্ন ধারণ করে এসেছিল আরো আলোকিত এক সমাজ গড়ার প্রত্যয়ে। কিন্ত এই ক্যাম্পাস থেকে অকালে লাশ হয়ে ফিরেছিল । আর মাগুরা’র মেঠো পথে হাটা মধ্যবিত্তের স্বপ্ন পুজি করা সেই ছেলেটিকে কার্তিকের এক দুপুরে বেপরোয়া বাস চাপায় অকালে প্রাণ দিতে হবে না। ছেলেটির জ়ীবনানন্দ-এর কবিতা খুব প্রিয় ছিল। সে যে আর কোনদিন আবৃত্তি করবে না ‘অবসরের গান’। উলটো আজ তাঁর উদ্দেশ্যে ‘অবসরের গান’ থেকে থেকে বলতে হয়-
“শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে/অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;/মাঠের ঘাসের গন্ধ বুকে তার-চোখে তার শিশিরের ঘ্রাণ,/তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান,/দেহের স্বাদের কথা কয়-
বিকালের আলো এসে (হয়তো বা) নষ্ট করে দেবে তার সাধের সময়!”
না, কোন বিকেলের আলো এসে আর নষ্ট করে দেবে না তার সাধের সময়। সে যে শুয়ে আছে এই কার্তিকের শেষ বুধবারে ধানের ক্ষেতের পাশে; ভোরের রোদে মাথা পেতে অলস গেঁয়োর মতো। নাগরিক জ়ীবনের সব ব্যস্ততাকে পেছনে ফেলে শোকের মিছিলে মাগুরার মেঠো পথ ধরে হেটে তাকে আমরা রেখে এসেছি তার মায়ের কাছে। খোকা, এখন মায়ের পাশে ঘুমিয়ে আছে পরম নিশ্চিন্তে। আর আমরা ইঁদুর দৌড়ে ব্যস্ত এ শহরে ফিরে চরম অনিশ্চয়তায় আরো কোন দুর্ঘটনার অপেক্ষায় আছি। আমরা দুর্ঘটনায় এমন নীরব মৃ্ত্যুর মিছিল আর কত দেখব। এমন অকাল মৃত্যু যে আমদের কাদাঁয়। আমরা নিরাপদ মৃ্ত্যুর নিশ্চয়তা চাই। সে নিশ্চয়তা কে দেবে আমাদের?
(লেখাটি সড়ক দূর্ঘটনায় কিছুদিন আগে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া বিল্লাল হোসেন-এর স্মরণে)
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




