মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে শেষ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত অধিনায়কত্বের মেয়াদ থাকলেও বোর্ড সুত্র নিশ্চিত করেছে, নতুন অধিনায়কের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। জাতীয় দলের অধিনায়কের ব্যাটন আশরাফুলের হাত থেকে উঠছে সহ-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে। তাঁর ডেপুটি হিসেবে আসছেন সাকিব আল হাসান।
আইসিসির সভায় যোগ দিতে বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম বর্তমানে ইংল্যান্ডে। বোর্ড সভাপতি সিনা ইবনে জামালী তাঁর সঙ্গে যোগ দেবেন ১৯ জুন। এ ছাড়া বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশনস ম্যানেজার এনায়েত হোসেনসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে সেখানে আছেন আরও কয়েকজন কর্মকর্তা। সুত্র জানিয়েছে, ঢাকায় থাকা পরিচালকদের সঙ্গে আশরাফুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে টেলিফোনে একাধিকবার আলোচনা হয়েছে ইংল্যান্ডে অবস্থানরত কর্মকর্তাদের। বোর্ড সভাপতি থেকে শুরু করে পরিচালকদের সবাই একমত−পরিবর্তন আনতে হবে অধিনায়কত্বে। আর এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা এসে যাওয়ার কথা দু-এক দিনের মধ্যেই।
প্রস্তুতি ম্যাচের পর ভারতের বিপক্ষে ভালো খেলে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ঘটনা আশরাফুলকে নিয়ে এসেছে আতশি কাচের তলায়। তাঁর অধিনায়কত্ব, ব্যক্তিগত পারফরম্যান্স, এমনকি মাঠের বাইরের আচরণ−কোনোটাই সন্তোষজনক মনে হচ্ছে না পরিচালকদের কাছে। আশরাফুলের অধিনায়কত্বকে বরং টিম স্পিরিটের জন্য ক্ষতিকর মনে করছেন তাঁরা। অভিযোগ আছে, বিশ্বকাপ চলাকালীন মাঠের বাইরে দল থেকে একরকম বিচ্ছিন্নই থাকতেন আশরাফুল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের রাতে আশরাফুলসহ বাংলাদেশ দলের সাত ক্রিকেটার হোটেলে ফিরেছেন রাত ১১টার পর। ইংল্যান্ড থেকে ফিরে ম্যানেজার শফিকুল হকের দেওয়া ম্যানেজার্স রিপোর্টেও নাকি ক্রিকেটারদের শৃঙ্খলাভঙ্গের উল্লেখ আছে।
সরাসরি না বললেও আগামী ২৯ জুন থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে আভাস দিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘বাংলাদেশ দলের পারফরম্যান্স, আশরাফুলের অধিনায়কত্ব কিংবা টিম ম্যানেজমেন্টের কাজ−কোনোটাতেই আমরা খুশি নই। ইংল্যান্ডে বোর্ড পরিচালকেরাও খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলার অভাব লক্ষ করেছেন। এভাবে চললে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রিকেটের দাম আরও কমে যাবে। ক্রিকেটকে বিপদের দিকে ঠেলে দেওয়ার অধিকার কারও নেই। সবকিছু মিলিয়ে তাই অচিরেই দল ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা উচিত বলে মনে হচ্ছে।’ আয়ারল্যান্ডের কাছে পরাজয়ের কারণ তদন্ত করে দেখার চিন্তাভাবনাও বোর্ডের আছে বলে জানিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশে ফিরে আশরাফুল বলেছিলেন, অধিনায়কত্ব তিনি উপভোগ করছেন। নিজের নেতৃত্বে কোনো সমস্যা আছে বলেও তাঁর মনে হয় না। কিন্তু বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেনের দাবি, আশরাফুলকে আরও আগেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ছিল বোর্ডের। যোগ্য বিকল্পের অভাবে তা করা যায়নি। তাতে আশরাফুল নিজেকে প্রমাণের বাড়তি সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। আশরাফুলের অধিনায়কত্বের সরাসরি সমালোচনা করে গাজী আশরাফ বলেছেন, ‘আমি মনে করি দুই বছর সময় পেয়েও আজ পর্যন্ত দলটাকে একই সুতোয় গাঁথতে পারেনি সে। দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা তার মধ্যে অনুপস্িথত। নিজের পারফরম্যান্স বা অধিনায়কত্ব কোনোটার প্রতিই দায়িত্বশীল মনে হচ্ছে না আশরাফুলকে।’ তাঁর মতে, আশরাফুলের জন্য অধিনায়কত্বের চেয়েও বড় বিষয় হওয়া উচিত এখন নিজের পারফরম্যান্স, ভালো খেলে দলে জায়গা নিশ্চিত রাখা।
ভারত-বধের কথা বলে বিশ্বকাপে যাওয়ায় বাংলাদেশের আসল লক্ষ্যটাই হালকা হয়ে গেছে বলে মনে করেন গাজী আশরাফ। এরচেয়ে আয়ারল্যান্ডের ম্যাচটাকেই গুরুত্ব দেওয়া উচিত ছিল বেশি। গাজী আশরাফ অবশ্য স্বীকার করেছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলের যেটুকুই ব্যর্থতা, তার দায় দল বা টিম ম্যানেজমেন্টের একার নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও।
কেবল আশরাফুলের ওপরই নয়, বোর্ড কর্মকর্তারা ক্ষুব্ধ, বিরক্ত টিম ম্যানেজমেন্টের ওপরও। আয়ারল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশে না ফিরে নবজাতক সন্তানের মুখ দেখতে কোচ জেমি সিডন্সের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যাওয়া সহজভাবে নিতে পারেননি অনেকে। গাজী আশরাফ তো এমনও বলেছেন, ‘সে যখন দেশেই গেছে, আরও কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসুক। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিডন্সকে বাদ দিয়ে খালেদ মাহমুদকে কোচের দায়িত্ব দেওয়া যায় কি না, বোর্ডের কাছে আমি সে প্রস্তাব দেব। দেখা যাক, দেশের কারও হাতে দায়িত্ব দিয়ে কিছু হয় কি না।’
কোচ হিসেবে এখন পর্যন্ত আশাব্যঞ্জক কিছু দেখাতে পারেননি সিডন্স−এমনটাই মনে করেন গাজী আশরাফ, ‘বিদেশিরা দলের সঙ্গে শুধু অলংকার হিসেবে থাকলে চলবে না। তাদের কিছু দিতেও হবে। দলের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন সে আনতে পেরেছে বলে মনে করি না আমি। এখন পর্যন্ত দলে এমন একজন ব্যাটসম্যান নেই যার ওপর নির্ভর করা যায়।’ ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রশ্নবিদ্ধ করছে ম্যানেজার শফিকুল হকের ভুমিকাকে। তিনিসহ টিম ম্যানেজমেন্টের আরও কয়েকজন সদস্যের ভবিষ্যৎও এখন বোর্ড পরিচালকদের আলোচনার টেবিলে আছে বলে জানা গেছে। তবে জালাল ইউনুস জানিয়েছেন, ‘অল্প সময়ের মধ্যে খুব বেশি পরিবর্তন হয়তো আনা যাবে না। ক্রিকেটের স্বার্থে, দলের কথা চিন্তা করে যেটুকু না করলেই নয়, আপাতত হয়তো সেই পরিবর্তনটুকুই করা হবে।’
বিসিবি কর্মকর্তাদের মনোভাবেও স্পষ্ট, ইঙ্গিতটা ২০০৭ সালের জুনে শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু আশরাফুলের অধিনায়কত্বের দিকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



