ঘটনার শুরু যেভাবে
‘হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকালাম। দেখলাম ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়েছে। দ্রুত দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছুলাম। দেখলাম গার্ডারের নিচে আটকা পড়া দু’জন লোক চিৎকার করছে। তারা বারবার বলছে, ভাই আমাদের বাঁচান। পরে তাদের টেনে বের করলাম। তাদের উদ্ধার করতে গিয়ে কখন যে মাথায় আঘাত পেয়েছি তা খেয়ালই করিনি’।
অনেকটা ভীত সন্ত্রস্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি টিপু সুলতান (২২)। গতকাল রাত ১১টার দিকে তার সাথে কথা হয় বহদ্দারহাট এলাকায়। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি দাবি করেন, যেখানে গার্ডার ভেঙে পড়েছে সেখানে ভ্রাম্যমাণ কাঁচা বাজার বসতো। ঘটনার সময় কমপক্ষে ৫০ জন লোক ওখানে থাকতে পারে। এসময় চট্টগ্রাম কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্র শফিউল কবির দৈনিক আজাদীকে জানান, ঘটনাস্থলে কমপক্ষে ৫০টি ভাসমান দোকান ছিল। সবগুলোই গার্ডারের নিচে চাপা পড়েছে। ফ্লাইওভার সংলগ্ন শাহ আমানত ডেকোরেটার্সের মালিক হাজি মো. বখতেয়ার, কর্মচারী আলমগীর ও সৈয়দ মঈনুদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। প্রথমে একটি গার্ডার ভেঙে পড়ে। এরপর আরো দুটি। এসময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা জানান, এসময় বহদ্দার পুকুর পাড়ে কিছু লোক ও পথচারী গল্পগুজব করছিলেন, কয়েকজন সবজি বিক্রেতা ছিলেন। সব মিলে ৫০ থেকে ৬০ জন মানুষ ছিলেন।
রাত সোয়া নয়টার দিকে স্থানীয় চেয়ারম্যান ঘাটার বাসিন্দা জনৈক মাহবুবুল আলম দৈনিক আজাদীকে বলেন, ঘটনার পর পর যে পুকুরে গার্ডার ভেঙে পড়েছে সেখানে নেমেছিলাম। উদ্ধারের চেষ্টায় পুকুরে বারবার ডুব দিলেও কাউকে উদ্ধার করতে পারি নি। তবে এসময় অসংখ্য হাত ও পায়ের স্পর্শ পেয়েছি। না হলেও অন্তত ৩০টি লাশ এই গার্ডারের নিচে চাপা পড়েছে। তিনি আরো দাবি করেন, বহদ্দার পুকুর পাড় সংলগ্ন দেয়ালে কমপক্ষে ২০ থেকে ২৫ জন লোক বসে আড্ডা দিচ্ছিল। যারা সবাই গার্ডারের চাপায় পড়েছে।
এদিকে রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, ভেঙে পড়া গার্ডারের নিচে জোড়া পা, মানুষের শরীরের উপরের অংশ। ফ্লাইওভারের নিচে জমে থাকা পানি আর রক্ত একাকার হয়ে আছে। একটা মস্তকও দেখা যাচ্ছিল। বীভৎস এ দৃশ্য উপেক্ষা করে উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা করছে গার্ডারের নিচে চাপা পড়া নিথর দেহগুলো উদ্ধারের জন্য। এসময় মহসিন নামে স্থানীয় একজন দোকানদারের পা আটকে ছিল গার্ডারের লোহার পাতে। রাত সোয়া এগারোটার দিকে দেখা যায়, সেনাবাহিনীর উদ্ধারকারী দল এক আহত ব্যক্তিকে উদ্ধার করছেন। এ সময় ওই লোকটির পা কেটে ফেলা হয়।
রাত সোয়া আটটা থেকে রাত পৌনে বারটা পর্যন্ত ঘটনাস্থলে দেখা যায়, ক্ষুব্ধ জনতা তিনটি স্থানে অগ্নিসংযোগ করে। রাত পৌনে বারটা পর্যন্ত মাত্র তিনটি লাশ উদ্ধার করা সম্ভব হয়। রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম ও প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন। এর প্রায় দশমিনিট আগে আসেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। রাত সোয়া এগারোটার দিকে সেনাবাহিনী ২৬ বিসি ২৪ পদাতিক ভিশনের লে. কর্নেল নাজমুল হাসান সংবাদকর্মীদের বলেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। এসময় তিনি উত্তেজিত জনতাকে বারবার উদ্ধারকাজে বিঘ্ন না ঘটানোর অনুরোধ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, লাশের ওপর দাঁড়িয়ে প্রতিবাদ জানালে তো হবে না। উদ্ধারকাজে সহযোগিতা করতে হবে।
এখন কি বলবেন আবদুচ ছালাম?
মাত্র চারদিনের ব্যবধানে বহর্দ্দারহাট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার সন্ধ্যায় ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে পড়ে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমগুলো রাত সাড়ে আটটার দিকে দিয়েছে। এ সংখ্যা আরো বাড়ার আশংকা করা হচ্ছে। চারদিন আগে গত বুধবার ওই ফ্লাইওভারের
নির্মাণ সামগ্রী ধসে রাস্তায় পড়লে একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্থ হয়। এর আগে গত ২৯ জুন জুমার নামারে পর ফ্লাইওভার ধসে দুর্ঘটনা ঘটে। শনিবার রাতে ওই ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়েছে ও আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয় লোকজন এ ঘটনার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুচ্ছালামের পদত্যাগ দাবি করে বলেছেন, ফ্লাইওভার দুর্ঘটনার সকল দায়-দায়িত্ব স্বীকার করে অযোগ্য ও দায়িত্বহীন চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। ১০৬ কোটি টাকা ব্যয়ে সিডিএর নির্মাণাধীন এই ফ্লাইওভার ২০১০ সালের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। কিন্তু অতিরিক্ত দুই মাস পার হলেও ওই ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন হয়নি এবং আগামী আরো তিন চার মাসেও এর নির্মাণ কাজ শেষ হবে না বলে সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে সিডিএ’র বর্তমান চেয়ারম্যান আবদুচ্ছালামের স্বেচ্ছাচারিতা, অযোগ্যতা ও দায়িত্বহীনতার কারণেই এই ফ্লাইওভার নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছে। প্রসঙ্গত, আওয়ামীলীগের প্রয়াত নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিএ’র নির্মাণাধীন এ ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ পেলেও প্রতিষ্ঠানটি নিজেরা কাজ না করে জেবি কনস্ট্রাকশনসহ অন্য দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান ফ্লাইওভার বর্তমানে ফ্লাইওভারটি নির্মাণ করছে। শুরু থেকেই এই ফ্লাইওভার নির্মাণ নিয়ে জনমনে অসন্তোষ ছিল। কাজের ধীর গতি, যথাযথ নিরাপত্তা বেষ্টানী ছাড়াই খোলামেলাভাবে নির্মাণ কাজ চলছে। শনিবারের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মাণাধীন ফ্লাইওভারের নিচেই বসে সবজি বিক্রি করেছে লোকজন। আহত ও নিহতদের অধিকাংশই তারা। এছাড়া ফ্লাইওভারের নিচে ঘেরা না থাকায় পথচারী, সাধারণ লোকজন এবং গার্মেন্টকর্মীরা অনয়াসেই এর নিচ দিয়ে যাতায়াত করে। এছাড়া ছোট ছোট যানবাহনও চলাচল করে থাকে। এসব বিষয়ে কোনো গুরুত্ব না দেওয়ায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে পড়লে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। সচেতন মহলের মতে, নির্মাণাধীন এই ফ্লাইওভার দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির দায় সিডিএ চেয়ারম্যান আবদুচ্ছালাম এড়াতে পারেননা। তাঁর দায়িত্বহীনতা ও যথাযথ তদারকির অভাবেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অনেকে মনে করছেন। এমনকি গত ২৯ জুন প্রথম দফায় ফ্লাইওভারে দুর্ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, তারা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলেও সিডিএ কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে নির্মাণকারী প্রতিষ্ঠান যেনতেনভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সিডিএ’র প্রধান হিসেবে চেয়ারম্যান আবদুচ্ছালাম তিন দফায় ফ্লাইওভার দুর্ঘটনার দায় থেকে কোনোভাবেই পার পেতে পারেন না। তাই দায়-দায়িত্ব স্বীকার করে সিডিএ’র চেয়ারম্যান আবদুচ্ছালামের পদত্যাগ করা উচিত।
স্বপ্নের ফ্লাইওভার দুঃস্বপ্নে পরিণত
চট্টগ্রামবাসীর স্বপ্নের ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয় ২০১০ সালের ৫ জানুয়ারি। চলতি বছরের ডিসেম্বরে এই ফ্লাইওভারের উদ্বোধন করার কথা রয়েছে। নির্মাণ কাজ শুরুর পর থেকে আড়াই বছরের কাছাকাছি সময়ে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজার-বান্দরবান এলাকার প্রতিদিনের হাজার হাজার যাত্রীদের কাছে স্বপ্নের এই ফ্লাইওভার দুঃস্বপ্নে পরিণত হয়। ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য আড়াই বছরেরও বেশি সময় ধরে নগরীর বড় একটি অংশের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন। রোদ-বৃষ্টিতে কাদা-পানি, যানজট আর ধুলোঝড়ে কাহিল অবস্থা তাদের। নির্মাণকাজে ধীরগতি, আরাকান সড়কের বেহাল দশায় অতিষ্ঠ যাত্রী ও পরিবহন মালিক-শ্রমিকেরা মানববন্ধন, সভা-সমাবেশ ইতিমধ্যে সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ ও কই মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন। সব মিলিয়ে বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসী গার্ডার ভাঙার পরপরই রাস্তায় নেমে আসে।
মাসের পর মাস অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে পোহাতে বৃহৎ এলাকার জনগোষ্ঠীর কাছে এই ফ্লাইওভারে আশা জাগানিয়ার কোনো স্বপ্ন বহন করে না। স্থানীয় এলাকাবাসী মনে করেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামবাসীর যত ক্ষোভ, ফ্লাইওভার নির্মাণে দুর্ভোগ ও দীর্ঘসূত্রতার কারণে তা অনেক বেশি।
নগর পরিকল্পনাবিদের মতে এই ফ্লাইওভারটি নির্মাণের আগে ভালোভাবে স্টাডির প্রয়োজন ছিল। পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপের অনুপস্থিতিও ফ্লাইওভার নির্মাণে লক্ষণীয় বলেও বিশেষজ্ঞদের মন্তব্য।
স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা জানান, গত তিন বছর ধরে এই সড়কের ধুলো বালিতে পুরো এলাকার ঘর-বাড়ি, গাছ পালা ধূসর হয়ে গেছে। প্রতিনিয়ত ধুলো বালিতে এলাকার শিশু এবং বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। ফ্লাইওভার নির্মাণের পর থেকে বহদ্দারহাট-কালুরঘাট সড়কটি সংস্কার কাজ শুরু করা সম্ভব না হওয়ায় জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কলেজ শিক্ষক কামাল উদ্দিন। বর্তমানে এই সড়টি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০০৯ সালে এ ফ্লাইওভারের ভিত্তি স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ২০১০ সালের ৫ জানুয়ারি এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।
উল্লেখ্য, সিডিএর নির্মাণাধীন এ ফ্লাইওভারে এবারসহ তিনবার দুর্ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এ ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ পায়।
মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন দুইজন
বহদ্দার হাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে যাওয়ার মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছিল, গার্ডারে নিচে চাপা পড়ছে অনেক অজানা দেহ। গার্ডারের নিচে চাপা পড়া অনেকের চিৎকারে তখন ভারি হয়ে উঠছে পরিবেশ। গার্ডারের নিচে আহত অনেকের শরীরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। কারো হাত, কারো পা বের হয়ে আছে। এ সময় দুইজনের পা কেটে বাঁচানো হয়েছে। গতকাল শনিবার রাতেই চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়বের নেতৃত্বে একটি চিকিৎসক টিম ঘটনাস্থলে পৌঁছেন রাতেই। এ সময় চিকিৎসক দল হাত-পা বাইরে থাকা দুই জনকে উদ্ধারে বিশেষ ব্যবস্থা নেয়া হয়। গার্ডারের নিচে চাপা পড়া দুই জনকে ঘটনাস্থলেই তাদের শরীর অবশ করে ভেতরে থাকা অংশ কেটে বের করা হয়। সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব বলেন, অন্তত ভেতরে থাকা অংশটা যদি কেটে তাদের বের করা হয় তাহলে তাদের বাঁচানো সম্ভব হবে। তাছাড়া এই মুহূর্তে অন্য কোনো উপায় নেই।
ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও তদন্ত কমিটি গঠন করা হবে -সিডিএ চেয়ারম্যান
বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান মির আক্তার এন্টারপ্রাইজ ও পারিসা এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলা করবে সিডিএ। গতকাল সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়ে বলেছেন, ঘটনা তদন্তে চুয়েট, সিডিএ এবং বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সিডিএ চেয়ারম্যান গতরাতে দৈনিক আজাদীর সাথে আলাপকালে দুঃখ প্রকাশ করে বলেন, গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনাটি দুর্ভাগ্যজনক। তবে এই ঘটনাকে পুঁজি করে যা করার চেষ্টা হচ্ছে সেটিও দুঃখজনক। একটি মহল এই ঘটনাকে পুঁজি করে পরিকল্পিতভাবে নগরীতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, গতকাল ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বাধা দেয়া হয়েছে। হতাহতদের উদ্ধারে যারা বাধা দিয়েছে তারা কারা তা খতিয়ে দেখতে হবে। এদের সাথে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই বলে উল্লেখ করে তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা করা হবে। আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।
স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে চমেক হাসপাতালের বাতাস
বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে হতাহতের স্বজনদের আর্তনাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস ভারি হয়ে উঠেছে। তাদের অনেকে জানে না, তার স্বজন আহত নাকি নিহত। জানে না, তাকে মেডিকেলে আনা হয়েছে, নাকি গার্ডারের নিচে এখনো চাপা পড়ে আছে। শুধু জানে, নিহত বা আহত যা-ই হোক না কেন, মেডিকেলে আনা হবে তাকে। তাই অপেক্ষায় আছে স্বজনের আশায়। তাদের সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন, সিটি মেয়র এম মনজুর আলম, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদসহ অনেকেই। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের একটি মেডিকেল টিম মেডিকেলে আহতদের চিকিৎসা দিচ্ছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর জহির রাত সাড়ে দশটার দিকে আজাদীকে জানান, হাসপাতালে ১৪ জনকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে দশ জনের পরিচয় মিলেছে। এরা হলো মামুন (৩০), রাসেল (২৫), সোহেল (৩০), নাজমা বেগম (২৭), সাহাবুদ্দিন (২০), হাফিজুল (১৬), ওমর ফারুক (২০), রিপন ধর (২২), আরিফ (২২) ও আকিব (১৭)। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে এদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক রাত একটায় আজাদীকে জানান, আহতের সংখ্যা ২৫ জন। এদের মধ্যে অনেককে বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনৈতিক রূপ না দেয়ার আহ্বান মেয়রের ।। সংশ্লিষ্টদের গ্রেফতার দাবি মহিউদ্দিনের
বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার স্থান পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন, সিটি মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও জেলা প্রশাসক আবদুল মান্নান। গতকালের ঘটনা প্রসঙ্গে পরিদর্শন শেষে সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমাদের দেশে যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রূপ দেয়ার একটি প্রবণতা আছে। রাজনৈতিক বিবেচনা করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়। তাই আমরা চাই- এ ঘটনাকে যেন রাজনৈতিক রূপ দেয়া না হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে হবে। এটাই আমরা কামনা করছি। গতকাল শনিবার রাত এগারোটা ২৫ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মর্মাহত কণ্ঠে ফ্লাইওভার নির্মাণ-সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার দাবি করে বলেন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করলে চট্টগ্রামবাসীর মনে শান্তি আসবে, ক্ষোভ কমবে। তাই সবাইকে গ্রেফতার করাই এখন আমার দাবি। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি এ দাবি করছি।
সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি সরকারের দায়িত্বশীল এবং দলের কাছে মিডিয়ার মাধ্যমে আবেদন করছি, সরকার যেন অতিসত্বর এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। তার পরও আমরা বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আগামীকাল (আজ) আলোচনা করব। আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।
সাবেক মেয়র বলেন, ফ্লাইওভারে উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এ কারণে এটি বারবার ভেঙ্গে পড়ছে। দুর্বল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এখানে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। না হয় ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনা অন্য কোথাও ঘটার দৃষ্টান্ত নেই।
অনিয়মকে আশ্রয় দেয়া হয়েছে অভিযোগ করে বলেন, গত ২৯ জুনই মাত্র পাঁচ মাস আগে এই ফ্লাইওভারের একটি গার্ডার ভেঙ্গে পড়ে। কিন্তু তখন যদি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যেত, তাহলে এখন আবার এ ঘটনার পুনরাবৃত্তি হত না। গতবারের ঘটনাই আজকের ঘটনাটি জন্ম দিয়েছে। নগর আওয়ামী লীগের সভাপতি বলেন, চট্টগ্রামের উন্নয়নের মাস্টার প্ল্যানে নগরীতে ফ্লাইওভারের কথা উল্লেখ নেই। কিন্তু তার পরও পরিকল্পনাবিদদের মতামতকে উপেক্ষা করেই নগরীতে ফ্লাইওভার তৈরি করা হয়েছে। অথচ এটির মাধ্যমে নগরবাসী এর কোনো সুফল পাবে বলেও মনে হয় না।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান গতকাল শনিবার ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকারি প্রশাসনের সকল সংস্থা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এর সঙ্গে আছে- উদ্ধারকারী বিভিন্ন সংস্থা। আমরা সরকারি সকল সংস্থার সমন্বয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
দুর্যোগ মোকাবেলায় নেই প্রস্তুতি, উদ্ধার কাজে ধীরগতি
প্রাকৃতিক কিংবা মানবিক যেকোনো দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামের প্রস্তুতি নেই। নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম আর দক্ষ জনশক্তি। তাই কোন ঘটনা ঘটলে উদ্ধার প্রক্রিয়া চলে ধীরগতিতে। বিগত সময়ে পাহাড় ধসের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে গেছে শুধুমাত্র এই কারণে। অন্যান্য সময়ের মতো গতকালও নগরীর বহাদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে কমপক্ষে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকেই। সরেজমিনে দেখা গেছে উদ্ধার তৎপরতা চালানোর মতো অত্যাধুনিক সরঞ্জাম ও জনবলের অভাবে উদ্ধার তৎপরতা চলছে ধীরগতিতে। সেনাবাহিনীর সদস্যরা তাদের সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজ শুরুর পর কাজে গতি আসে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গত ২৯ জুন এই ফ্লাইওভারটির ২১ ও ২২ নং পিলারের মাঝামাঝি একটি গার্ডার ভেঙে পড়েছিল। কিন্তু তারপরও কর্তৃপক্ষ সচেতন হয়নি। তাছাড়া পাহাড়ধসে হতাহতের ঘটনা প্রতিবছরই হচ্ছে। কিন্তু দুর্যোগ মোকাবেলা করবে কীভাবে তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। নগরী ও জেলাতে একের পর এক ঘটে যাওয়া ভূমিধস, পাহাড় ধস, দেয়াল ধসের পর উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আধুনিক উদ্ধার সরঞ্জামাদি ও দক্ষ জনশক্তি বিগত দিনে দেখা যায়নি। পাহাড় ধস কিংবা দেয়াল ধস যা-ই হোক না কেন দেখা গেছে লাশ উদ্ধার করতে ২৫/৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। এরফলে মাটি চাপা পড়ে আহত অবস্থায় কেউ থাকলেও তাদের উদ্ধার কাজে ধীরগতির কারণে মৃতের সংখ্যা বেড়েছে। গতকালও বহদ্দারহাটে দেখা গেছে গাডার ধসে পড়ার ঘটনার তিন ঘণ্টা পরেও উদ্ধার কাজ শুরু করতে গলদঘর্ম অবস্থা ফায়ার সার্ভিসের। জানা গেছে দুর্যোগ মোকাবেলায় উদ্ধার কাজ পরিচালনা করার জন্য নতুন কিছু সরঞ্জামাদি আমদানি করা হলেও বড় ধরনের দুর্যোগে তা পর্যাপ্ত নয়। অন্যদিকে এসব সারঞ্জামাদি পরিচালনা করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিও নেই।
জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় সরকারি অন্যান্য সংস্থা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব বেশি থাকে। শুধুমাত্র অগ্নিনির্বাপণে তাদের কাজ সীমাবদ্ধ নয়। দুর্যোগ পরবর্তী কাজে উদ্ধার তৎপরতা চালানোর দায়িত্বও তাদের। কিন্তু ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দারের মতো যৎসামান্য যা আছে তাই নিয়ে তাদের উদ্ধার কাজ চালাতে হয়। তাদের কাছে নেই কংক্রিট ব্রেকার, হাই ডিউটি সম্পন্ন স্কেভেটর, ্যাব কাটার, হাই ডিউটি ক্রেন, মোবাইল ক্রেনসহ অনেক প্রয়োজনীয় সরঞ্জামাদি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা গেছে, সম্প্রতি তারা উদ্ধার কাজ চালানোর জন্য সার্চ ক্যামেরা, হাইড্রোলিক পাওয়ার ইউনিট, মাল্টি গ্যাস ডিডেক্টর, অটো স্কেপ, স্মোক প্রজেক্টর, পাওয়ার চেইন, হাইড্রোলিক, পাইপ স্কুইঞ্জারসহ আরো কিছু সরঞ্জামাদি সংগ্রহ করেছে, যা দিয়ে উদ্ধার কাজ সম্ভব। এছাড়া বহন করে আনা নেয়ার জন্য রয়েছে ইমারজেন্সি টেন্ডার নামে একটি গাড়ি। তবে এসব সরঞ্জামাদির পাশাপাশি স্কেভেটর, উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ভাইব্রেটর, সিপিং হেমার, পাওয়ার ইউনিট, রোটার এক্সিউস, জেনারেটর হাই ডিউটি সম্পন্ন ক্রেন, কনক্রিট ব্রেকার চাহিদা রয়েছে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
ফ্লাইওভারের গার্ডার
দুর্ঘটনা মনিটরিং
করছেন মন্ত্রী
আফছারুল আমিন
বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার পরপরই পুরো ঘটনার মনিটরিং শুরু করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন। চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকালে সন্ধ্যায় তিনি ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার খবর পান। এরপর তিনি খুব দ্রুততার সঙ্গে পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ও অধ্যক্ষ, চট্টগ্রামের জিওসি, র্যাব-৭ এর সিও (কমান্ডিং অফিসার)সহ সংশ্লিষ্টদের ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রথম দুর্ঘটনার পর সিডিএ’র বোধোদয় হলো না কেন?
এই ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ে প্রথম দুর্ঘটনাটি ঘটে গত ২৯ জুন শুক্রবার। জুমা’র নামাজের সময় ফ্লাইওভারের ২১-২২ নম্বর পিলারের মধ্যবর্তী একটি গার্ডার ভেঙ্গে পড়ে সেদিন। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে বেঁচে যায় ওই গার্ডারটির নিচ দিয়ে যাওয়া এক রিঙাচালক ও দুই যাত্রী। একে ছুটির দিন, দ্বিতীয়ত জনসাধারণ জুমা’র নামাজে থাকায় সেদিন ফ্লাইওভার এলাকায় তেমন ব্যস্ততা ছিল না। ফলে গার্ডার ধসে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ ধরনের স্পর্শকাতর স্থাপনায় একটি দুর্ঘটনার পরও সিডিএ’র বোধোদয় হলো না কেন?-এটিই এখন নগরবাসীসহ সংশ্লিষ্টদের প্রশ্ন।
সংশ্লিষ্ট অনেকের আভিযোগ, গার্ডার ধসে পড়ার নেপথ্য কোন কারণ অনুসন্ধানের প্রয়োজন বোধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই গার্ডার ধসে পড়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালানোর অপপ্রয়াসও চালিয়েছেন সংশ্লিষ্টরা। গতকালও একইভাবে বহদ্দারহাট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ধসে পড়েছে। এবার বড় ধরনের হতাহতের ঘটনা ঘট। ৫ জনের মৃত্যু ছাড়াও অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল রাতে বহদ্দারহাটজুড়ে আর্তনাদ। বিক্ষুব্ধ মানুষ বলছে, এভাবে হয়ত আরেকদিন আরেকটি গার্ডার ধসে পড়বে। কেড়ে নেবে আরও কিছু প্রাণ! এভাবেই কি চলতে থাকবে? গতকাল দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকের মুখেই একই ক্ষোভ এবং প্রশ্ন ছিল তীব্রভাবে।
গত ২১ নভেম্বরও গার্ডার থেকে নির্মাণ শ্রমিকের ফেলা টিনের পাত পড়ে ক্ষতিগ্রস্ত হয় চিটাগাং গ্রামার স্কুলের এঙিকিউটিভ ইন্সট্রাক্টর এর একটি দামি প্রাইভেট কার। কিন্তু এ ঘটনায়ও ক্ষতিগ্রস্ত শিক্ষিকা বা জনগণের কাছে কোন ধরনের দুঃখ প্রকাশ করেনি সিডিএ’র সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এর আগেও গার্ডার ধসে পড়া এবং নিরাপত্তা বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু সিডিএ সেদিকে কর্ণপাত করেনি।
গত ২১ নভেম্বর লোহার পাত পড়া, এর আগে গার্ডার ধসে পড়া এবং সার্বিক নিরাপত্তাহীনতা নিয়ে আশংকা প্রকাশ করে ২২ নভেম্বর সুপ্রভাত বাংলাদেশ প্রথম পৃষ্ঠায় ‘ফ্লাইওভার যেন মরণফাঁদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই আশংকা দুইদিনের মাথায় এ ঘটনা ঘটল। এতে সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারের নির্মাণ কাজের মান এবং নিরাপত্তার বিষয়ে মিডিয়াগুলো সোচ্চার থাকার পরও সিডিএ’র বোধোদয় হলো না কেন?
সূত্র: দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক সাঙ্গু।
দৈনিক পত্রিকার পাতায় বহদ্দারহাট ফ্লাইওভার ট্রাজেডী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।