হে নারী –
তুমি বলেছিলে কবির কবিতা তোমার
ভালোলাগে, ভালোবাসো খুবই কিন্তু
কবিকে ভালোবাসতে তোমার বড্ড করে ভয়।
কবিকে ভালোবাসা বা বোঝা দূরে থাক,
তুমি নিজেই কি নিজেকে বুঝতে পারো নারী?
তোমার এই মনোভাবের কারণ জেনে
তোমার সব কথা আমি মেনেও নিই যদি –
তবু প্রশ্ন করি, তথাকথিত বদ লম্পট কবিই দেখেছো শুধু,
ওরকম বা পশুর চেয়ে হিংস্র মানুষ কি কখনো দেখনি?
কবি এবং মানুষ কি ভিন্ন কোনো প্রাণী!
আমি কবি নই, তবুও জানি এবং মানি –
কবিরা সকলের কষ্ট ধারণ করে নিজ বুকে।
কবির কলম মানুষকে উদ্দীপ্ত করে, আবেগ জাগায় যেমন,
তেমন প্রতিশোধের হাতিয়ারও হয় উত্তাল একাত্তরে।
হে নারী –
মানবতা ছাড়া আমি আর কোন ধর্ম মানি না,
তবে তুমি চাও যদি বাইবেল, কোরআন, গীতা ছুঁয়ে
অন্তর থেকে বলতে পারি –
তোমার মনের চেয়ে সুগভীর অন্য কোনো
সমুদ্র কোথাও দেখিনি কোনোদিন
যেখানে নিমিষেই হারিয়ে যাওয়া যায়।
আমি জানি, তুমি চাইলেই অনেক মানুষ প্রেমিক
সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে পারে,
কেউবা অনায়াসে আকাশের চাঁদ এনে দিতে পারে –
অথচ আমি সহজ সরল ভালোবাসা
আর কবিতার কয়েক স্তবক ছাড়া
তোমাকে আর কিছুই পারি না দিতে।
হে নারী –
আমি কবি নই, নই দেবদূতও;
আমিও সাধারণ এক মানুষ।
পুরুষ ভেবে প্রেমিকের মতো ভালো না বাসলেও
মানুষের প্রতি অন্য মানুষের ভালোবাসার মতো
একজন মানুষ হিসেবে আমাকেও ভালোবাসা যায়
© অদ্রি অপূর্ব
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




