খুররম জামান: এশিয়ান হাইওয়েতে সংযুক্ত না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে। এবং বাংলাদেশ যেন এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হতে না পারে তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল তার কার্যালয়ে একথা বলেন। তিনি আরো বলেন, এর আগে বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে সংযুক্ত না হয়ে জোট সরকার দেশকে ১০ বছর পিছিয়ে দিয়েছিল। বিনামূল্যে সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় খালেদা জিয়া বলেছিলেন এতে দেশের গোপনীয় তথ্য পাচার হয়ে যাবে।
এদিকে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আর্তোরো প্যারেজ মার্টিনেজ গতকাল পররাষ্ট্র মণালয়ে প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে অবস্থিত স্পেন দূতাবাসের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু করার জন্য অনুরোধ জানান।
স্পেনের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান, সেদেশে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীরা বৈধ হওয়ার আবেদন করেছেন। তবে তাদের জমা দেয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করছে না স্পেন সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স যথাযথভাবে দেয়া হয়। এতে অনিয়মের আর কোনো সুযোগ নেই। এ ক্লিয়ারেন্সে প্রয়োজন হলে ভবিষ্যতে ঢাকার স্পেন দূতাবাসের কাউন্টার সিল নেয়ার বিধান চালু করতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


