somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দল গোছাতে হিমশিম খাচ্ছে বিএনপি

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী কোরবানির ঈদ পরবর্তী সরকারবিরোধী সর্বাত্মক আন্দোলনের পূর্ব প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এর জন্য দ্রুত দলকে সংগঠিত করতে চাচ্ছেন দলের নীতিনির্ধারকরা। তারা মনে করছেন, দুর্বল সংগঠন নিয়ে আন্দোলনকে একটি চূড়ান্ত ধাপে নিয়ে যাওয়া সম্ভব নয়। যে কারণে রমজান মাসজুড়ে আন্দোলনের হুমকি দিয়ে এলেও তারা সেই অবস্থান থেকে পুরো ইউটার্ন নিয়েছে। দলটির নীতিনির্ধারকরা এবার ইস্যুভিত্তিক আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার পাশাপাশি দলকে সংগঠিত করার দিকেই মনোনিবেশ করতে চাইছেন। তৃণমূল নেতাকর্মীদের মনোবল আরো চাঙ্গা এবং একই সঙ্গে দলের বিভিন্ন স্তরে নতুন ও তরুণদের দায়িত্ব দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দল। কিন্তু এ প্রক্রিয়ার শুরুতেই হোঁচট খেতে হচ্ছে দলের হাইকমান্ডকে। দলের ৭৫টি সাংগঠনিক কমিটি থেকে শুরু করে অঙ্গ সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় গলদঘর্ম হতে হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এসবের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবার মাঠে নামছেন দলটির সিনিয়র নেতারা। এর অংশ হিসেবে পূর্বঘোষিত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচিতে বিভিন্ন জেলা সফর করবেন তারা। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ কর্মসূচি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনপরবর্তী দলকে পুনর্গঠন করার দিকে মনোনিবেশ করেন চেয়ারপার্সন খালেদা জিয়া। এর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ১০ এপ্রিল থেকে পুরো এক মাসে প্রায় ১৫টি জেলার নেতাদের ঢাকায় ডেকে এনে জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কিন্তু এর ফলে দলের ভেতর এক ধরনের অস্থিরতা বিরাজ করায় তার সেই প্রক্রিয়া থমকে আছে দীর্ঘদিন। পরবর্তী সময়ে তিনি ঢাকা মহানগর বিএনপির দিকে নজর দেন। প্রায় ১৭ বছর পর দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আবদুস সালামের নেতৃত্বাধীন মহানগর কমিটিকে বিলুপ্ত করে ১৮ জুলাই মির্জা আব্বাস ও সোহেলের নেতৃত্বে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। মহানগর কমিটি ঘোষণার কারণে দলের অন্যান্য সাংগঠনিক কমিটিও শিগগিরই পুনর্গঠন করা হবে বলে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে আসে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে খালেদা জিয়ার ওমরা পালনের আগে বিভিন্ন অঙ্গ সংগঠনের নতুন কমিটির একটি খসড়া তৈরি করা হয়, যা তিনি সৌদি আরব থাকাকালীন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করার জন্য এবং তার মতামত নেয়ার জন্য সঙ্গে নিয়ে যান। নেতাকর্মীরা মনে করছিলেন, চেয়ারপার্সন ওমরা শেষে দেশে ফিরে আসলেই এসব কমিটি দ্রুত ঘোষণা করা হবে। কিন্তু তিনি দেশের আসার প্রায় এক মাস অতিবাহিত হলেও কোনো কমিটি এখনো ঘোষণা করা হয়নি। তাই নেতাকর্মীরা এবারো আশাহত হয়েছেন। তারা জানান, বিএনপিতে সব সাংগঠনিক প্রক্রিয়াই একটি অনিশ্চিত সময় পর্যন্ত চলতে থাকে। আন্দোলনকে টার্গেট করে এবার হয়তো সেই আমলাতান্ত্রিক জট ধোপে টিকবে না। কিন্তু পদপ্রত্যাশী নেতাদের শক্ত লবিং-তদবিরের কারণে এবারো কমিটি ঘোষণায় বিলম্ব ঘটছে বলে মনে করেন তারা।

বিএনপির দলীয় সূত্র জানায়, আন্দোলনের মূল শক্তি হিসেবে পরিচিত দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে। যুবদলের মূল দায়িত্ব কার ওপর ন্যস্ত করা হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কখনো দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন আবার কখনো সাবেক তুখোড় ছাত্রনেতা সানাউল হক নীরুর নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক নিয়েও জটিলতা সৃষ্টি হচ্ছে বলে কবে-কখন যুবদলের কমিটি ঘোষণা করা হবে তা আন্দাজ করতে পারছেন না কর্মীরা।

একই অবস্থা বিরাজ করছে ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া নিয়েও। কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা কোনো সুরাহা করতে না পারায় এবার খালেদা জিয়া নিজে কথা বলছেন সংগঠনটির নেতাদের সঙ্গে। এর অংশ হিসেবে গত বুধবার রাতে ছাত্রনেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক করেন তিনি। কিন্তু বৈঠকটি অসমাপ্ত রেখেই মুলতবি রাখা হয়েছে। আগামী ২৪ আগস্ট ছাত্রনেতাদের সঙ্গে আবার বসবেন খালেদা জিয়া। এর আগেও বিগত ছাত্রদল কমিটি গঠনের আগে তিনি ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে কমিটি ঘোষণার ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতকে গ্রাহ্য করা হয়নি বলে আগের কমিটি নিয়ে অভিযোগের শেষ নেই। এবারো আগের ঘটনা পুনরাবৃত্তি হতে পারে বলে অনেক ছাত্রনেতা আশঙ্কা করছেন। একই অবস্থা বিরাজ করছে স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও কৃষক দলের পুনর্গঠন প্রক্রিয়ায়। স্থবিরতা কাটেনি শ্রমিক দলের মহানগর কমিটি গঠন নিয়েও। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও বিদ্রোহীদের চাপে নির্বাচিত নেতাদের কাছে এখনো দায়িত্বভার বুঝিয়ে দিতে পারেননি সংগঠনের নেতারা।

নেতাকর্মীরা মনে করছেন, দলের চেয়ারপার্সন একক সিদ্ধান্তে এসব কমিটি গঠন করতে পারলেই ভালো হতো। সময়ক্ষেপণ হতো না। আবার কেউ তদবির করার সাহসও পেত না। এছাড়া তার সিদ্ধান্তের বাইরে কারো বিদ্রোহ করার সুযোগও থাকত না। কিন্তু দল পুনর্গঠনের জন্য যত বেশি কালক্ষেপণ করা হবে তত বেশি সুবিধাবাদীরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।

তবে দলের সাংগঠনিক হ-য-ব-র-ল অবস্থা মানতে নারাজ স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এ দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। সবকিছু চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। তবে এটা দলের জন্য ভালো।

এদিকে দলকে সংগঠিত করার পাশাপাশি এবার তৃণমূলের দিকে নজর দিয়েছেন খালেদা জিয়া। এর অংশ হিসেবে তিনি দলের সিনিয়র নেতাদেরকে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শসহ তাদেরকে সংগঠিত করতেও নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের বৈঠকে দেশব্যাপী দশদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে বেশ কয়েকটি টিম তৈরি করা হয়েছে, যারা পর্যায়ক্রমে সারাদেশে গণসংযোগ করবেন। দলের সিনিয়র নেতাদের এ সাংগঠনিক সফরে মূলত তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করা ও কোন্দল থাকলে তার সমাধানের চেষ্টা করা হবে। সফর শেষে দলের চেয়ারপার্সনের কাছে আলাদা আলাদা প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানা গেছে। এছাড়া নির্দলীয় সরকারের দাবি ও সরকারের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাবেন বিএনপি নেতারা।

বিএনপির দফতর সূত্রে জানা যায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঢাকা মহানগরে গণসংযোগের টিম প্রধান করা হয়েছে। এছাড়া অন্যান্য টিম প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ব্যারিস্টার মওদুদ আহমদ ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ, তরিকুল ইসলাম নড়াইল, খুলনা জেলা ও মহানগর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দিনাজপুর ও সৈয়দপুর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ নোয়াখালী ও লক্ষ্মীপুর, ড. আবদুল মঈন খান ফরিদপুর ও মাদারীপুর, এম কে আনোয়ার চট্টগ্রাম দক্ষিণ ও মহানগর, গয়েশ্বর চন্দ্র রায় যশোর ও ঝিনাইদহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, নজরুল ইসলাম খান বগুড়া, রাজশাহী মহানগর ও সিরাজগঞ্জ, নাটোর জেলা মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ পিরোজপুর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ভোলা, সেলিমা রহমান নেত্রকোনা ও কিশোরগঞ্জ, আবদুল্লাহ আল নোমান বরিশাল উত্তর ও দক্ষিণ এবং মহানগর, এম মোরশেদ খান কক্সবাজার, শমশের মবিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ, চৌধুরী কামাল ইবনে ইফসুফ রাজবাড়ী ও গোপালগঞ্জ, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক নরসিংদী, আমির খসরু মাহমুদ চৌধুরী রাঙ্গামাটি ও ফেনী, আবদুল আউয়াল মিন্টু খাগড়াছড়ি, মীর মোহাম্মদ নাছির উদ্দিন কুমিল্লা, ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী ও পাবনা জেলা, ফজলুর রহমান পটল নীলফামারী, ডা. এ জেড এম জাহিদ হোসেন চাঁপাইনবাবগঞ্জ, মুশফিকুর রহমান শেরপুর, খন্দকার মাহবুব হোসেন বরগুনা, অ্যাডভোকেট আহমেদ আযম খান শরীয়তপুর, অ্যাডভোকেট জয়নুল আবেদীন গাজীপুর জেলা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান মাগুরা ও বাগেরহাট, মিজানুর রহমান মিনু রংপুর জেলা ও মহানগর, মো. শাহজাহান সুনামগঞ্জ ও মৌলভীবাজার, বরকত উল্লাহ বুলু কুমিল্লা উত্তর ও চাঁদপুর, সালাহ উদ্দিন আহমেদ সিলেট মহানগর ও জেলা, সাংগঠনিক সম্পাদক খন্দকার গোলাম আকবর বান্দরবান, হারুন অর রশিদ নওগাঁ ও জয়পুরহাট, মশিউর রহমান কুষ্টিয়া, আসাদুল হাবিব দুলু কুড়িগ্রাম ও গাইবান্ধা, মনিরুল হক চৌধুরী মেহেরপুর, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লালমনিরহাট, রুহুল কুদ্দস তালুকদার দুলু পটুয়াখালী, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সাতক্ষীরা, নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, নাজিম উদ্দিন আলম ঝালকাঠি, জয়নুল আবদীন ফারুককে জামালপুর জেলায় গণসংযোগের দায়িত্ব দেয়া হয়েছে।

গণসংযোগ কর্মসূচির বিষয় জানতে চাইলে লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, আমি এখনো সফরের দিন নির্ধারণ করিনি। দুই-একদিনের মধ্যে অন্যদের সঙ্গে কথা বলে ঠিক করে নির্ধারিত এলাকায় যাব। সফরে নেতাকর্মীদের আন্দোলনমুখী করার নির্দেশনা এবং সরকারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।

চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন, আমাকে নরসিংদী ও টাঙ্গাইলের দায়িত্ব দেয়া হয়েছে। টিমের বাকিদের সঙ্গে কথা বলে শিগগিরই নির্ধারিত এলাকায় সফরে যাওয়া হবে। গণসংযোগ কর্মসূচি মূলত সাংগঠনিক সফর বলেও মন্তব্য করেন তিনি। আর সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ড. আসাদুজ্জামান রিপন বলেন, ২৪ ও ২৫ তারিখ কর্মসূচি ঠিক করা হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×