: হ্যালো, কাকে চাচ্ছেন ?
- তনুকে চাচ্ছিলাম।
: আমিই তনু, তন্ময়।
- তনু...
: আমি আপনাকে তো চিনলাম না।
- আমি আপনাকে চিনি, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই।
: তা কেমন করে সম্ভব ?
- কেনো সম্ভব নয়। আপনার কী, কেউ পছন্দের আছে ?
: না, তেমন কেউ নেই।
- তবে আর আপত্তি কেন ?
: আপত্তি তো থাকতেই পারে ?
- আমি জেনী; আপনার বন্ধু হতে চাই, ব্যাস।
: চাইলেই তো আর হয় না।
- কেনও নয়, আমি ফোন করবো।
: আচ্ছা, আপনি আমার নম্বর পেলেন কিভাবে ?
- তাতো বলা যাবে না।
: না বললে, না বলেন আমি রাখছি..
- না রাখবে না, প্লীজ। এই দেখো তুমি করে বললাম।
: সে আপনার ইচ্ছে।
- তাহলে তুমিও আমাকে তুমি করে বলো।
: আচ্ছা, এবার রাখি।
- রাখবে কেনো ? তোমার তো বিল উঠছেনা।
: বিলের প্রশ্ন নয়। আমার কথা বলতে ইচ্ছে করছেনা।
- আমার ইচ্ছে করছে।
: তোমার নাম তো জানলাম, তোমার ঠিকানা কোথায় ?
- ধীরে বন্ধু, ধীরে। একদিনে সব জানলে আকর্ষণ শেষ হয়ে যাবে।
: রহস্য রাখতে চাও।
- রহস্য বলছো কেনো, বন্ধু হলে সবই জানতে পারবে।
: শোনও বন্ধুত্ব করতে হলে, দু'জন দু'জনকে পুরোপুরি জানতে হয়, চিনতে হয়।
- আমি তোমার সবই জানি। তোমার কয় ভাই-বোন, কয়জন বিয়ে করেছে, কে কী করছে...
: আর ?
- তুমি কী করো, কোথায় যায়, কোথায় আড্ডা দেও।
: আমি তো তোমার কিছুই জানি না।
- তোমাকে না জানলেও হবে।
: একতরফা কিছুই হয় না। এবার আমি রাখি।
- রাখো, পরে আবার ...
: হ্যালো...
- আমি।
: আমি কে ?
- আমি জেনী।
: তোমার কী কোনো কাজ নেই।
- না, তোমার সাথে কথা বলা ছাড়া আপাতত কোন কাজ নেই।
: তুমি কী শুরু করেছো, তুমি আমার জন্য এটা আবার পাঠাতে গেলে কেনো।
- শার্টটি তোমার পছন্দ হয়নি। না হলে তুমি পরিবর্তন করে আনতে পারো।
: না তার দরকার নেই। এবার তোমার লোকেশন বলো, তোমার জন্য কিছু পাঠাই।
- আমার জন্য কিছু পাঠাতে হবে না। আমি নিজেই তোমার কাছে চলে আসবো।
: তাই নাকি ?
- আসলে রাখবে তো ?
: সময়ই বলে দেবে।
- আমাকে দেখে তোমার পছন্দ নাও হতে পারে।
: আমাকেও তোমার পছন্দ না হতে পারে।
- তোমাকে আমার বেশ পছন্দ। তুমি শার্টটি পরে বাইরে বের হবে কেমন।
: তাতে তোমার লাভ ?
- লাভ লোকশানের হিসেব তুমি বুঝবেনা।
: তাই নাকি ?
- আমার সাথে কথা বলতে তোমার বুঝি ভালোলাগে না।
: আমি কী বলেছি।
- না, তোমার কন্ঠ কেমন ভারী-ভারী লাগছে।
: আমার মনটা ভালো নেই।
- কী, হয়েছে ?
: না, তেমন কিছু নয়।
- আজ পত্রিকায় তোমার কবিতা পড়লাম। তুমি বন্ধুর জন্য এতো কিছু করতে পারো। আচ্ছা তোমার মেয়ে ভক্তের সংখ্যা কতো ?
: আমার কোনো মেয়ে ভক্ত নেই।
- মিথ্যে বলছো কেনো।
: ওই কবিতার বন্ধুটি ছেলে।
- না কবিতাটা খুব সুন্দর হয়েছে।
: তুমি আসলে, তোমার জন্যও আমি অনেক কিছুই করতে পারি।
- না, আমার জন্য কিছুই করতে হবে না।
: ঠিক আছে। এখন রাখি।
- রাখো, তবে বললে না তো তোমার মেয়ে ভক্তের সংখ্যা কতো ?
: শোনো, আমার কোন মেয়ে ভক্ত নেই। তবে একজন বন্ধু আছে। আর সে হলো- তুমি।
- হ্যালো, রেখো না...
#
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


