-আপনার নাম কি?
একটু ভীত সন্ত্রস্ত চোখে আমাকে পরখ করে উত্তর দিল, "কুলসুম"
-কোথায় যান?
-জর্ডান।
-কি করবেন জর্ডানে গিয়ে?
-বাসায় কাম করুম।
দুবাই গামী বিলাসবহুল বোয়িং ৭৭৭ ভর্তি বিদেশগামি কিশোরী এবং মাঝবয়সী কাজের বুয়া। কুলসুম আমার পাশের সিটে। এয়ার হোস্টেস কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। হলুদ একটা ক্যাপ আঁকড়ে ধরে বসে রইল পুরোটা সময়। পাসপোর্ট বা ভিসা নয়, ক্যাপটাই ওর পরিচয়।
-"আমিনা খালা, ক্যাপটা কিন্তু হারাইও না!" সামনের সিটে বসা মহিলার প্রতি সতর্কবাণী কুলসুমের।
এই কিশোরীগুলো সত্যি সত্যি পৌছতে পারেতো গন্তব্যে? কিম্বা কোনও এক কুলসুম মাঝপথে হারিয়ে গেলে; কার কি এসে যায়। আমারও কিছু এসে যায় কি? যার এসে যায়, সে হয়ত বিমানবন্দরের দরজার কাঁচে নাক চেপে ছিল; যতক্ষণ দেখা যায়, হাত নেড়েছিল। যখন দৃষ্টির বাইরে চলে গেল, তখনও নেড়ে চলেছিল হাত।
"যে জীবন ফড়িঙের, দোয়েলের - "মানুষের" সাথে তার হয় নাকো দেখা"
কুলসুম, ভালো থেকো, ঠিক মত যেও। হলুদ ক্যাপটা যেন তোমার থেকে আলাদা না হয়ে যায়। পৌঁছে বাড়িতে ফোন দিও; সাবধানে থেক। বিপদে পড়লে আল্লাহ্কে স্মরণ করো। এমিরেটসের খাবার তো খেতে পারনি; ওখানে কিন্তু খাবারে অনিয়ম করবে না। বেশি কষ্ট হলে দেশে ফিরে এসো; বিমানবন্দরের দরজার কাঁচে নাক চেপে কেউ একজন অবশ্যই তোমার অপেক্ষায় থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


