মানুষকে বদলে যাওয়ার আহবান জানিয়ে একটি জনপ্রিয় জাতীয় দৈনিক সম্প্রতি শপথ কার্যক্রম শুরু করে। মানুষকে শপথ করিয়ে ভাল করার এ উদ্যোগ সফল হোক-এ প্রত্যাশা। এক্ষেত্রে তাদের বক্তব্য, আগে নিজেকে বদলাতে হবে।
বাংলাদেশে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ এক নাম মতিউর রহমান। তিনি প্রথম আলো'র সম্পাদক ও প্রশাসক। তার কাছে কয়েকটি অনুরোধ, দেশের স্বার্থে এ বিষয়গুলো তুলে ধরুন:
১. আপনি জানেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দুর্ণিতীর অভিযোগে মামলা হওয়ার পূর্বেই গ্রেফতার হন। দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন। কিন্তু একই সময়ে দুর্নিতী করেও গ্রামীণ ফোন, সিটিসেলসহ কতিপয় কোম্পানি জরিমানা দিয়েছে, তাদের অন্য কোন শাস্তি হয়নি। এ বিষয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন করার অনুরোধ করছি।
২. অভিযোগ রয়েছে, ঢাকা শহরে বিভিন্ন হাউজিং কোম্পানি প্রায় ১০,০০০ একর সরকারী খাস জমি ও জলাশয় দখল করে হাউজিং ব্যবসা করছে। পরিবেশ এর মারাত্মক ক্ষতি করছে। কোন কোন কোম্পানি ঢাকায় খাস জমি দখল করেছে-এ বিষয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অনুরোধ করছি।
৩. বাংলাদেশের নৌ পথগুলো ক্রমশ ধ্বংশ হয়ে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ব্রিজ করার নামে নৌ চলাচল ব্যহত হচ্ছে। নদীমাতৃক দেশের নৌ চলাচল খাত আজ বিপর্যপ্ত। অভিযোগ রয়েছে, বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে সড়ক পথের অপরিকল্পিত উন্নয়ন হয়। যে কারণে নৌ পথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি কারণে নৌ পথের বেহলা দশা-এ বিষয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অনুরোধ করছি।
৪. ঢাকার যানজট একটি ভয়াবহ সমস্যা। এর প্রধান কারণ প্রাইভেট গাড়ি। অথচ যানজটের জন্য রিকশাকে একচেটিয়াভাবে দায়ী করা হয়। যে সড়কে রিকশা চলে না, সে সড়কে যানজট কি নীতিনির্ধারকদের চোখে পড়ে না? এ নিয়েও একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অনুরোধ করছি।
৫. দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে হাইব্রিড। এটা সত্য, হাইব্রিড চাষ স্বল্প সময়ের জন্য লাভজনক। কিন্তু এটা পরিবেশ ও কৃষি ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের কৃষি ব্যবস্থায় হাইব্রিড এর নেতিবাচক দিক নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অনুরোধ করছি।
এটা সত্য-দেশের অনেক সমস্যা এবং বিভিন্ন সমস্যা আপনারা বিক্ষিপ্তভাবে তুলেও ধরছেন। কিন্তু পরিকল্পিতভাবে সমস্যাগুলো উঠে আসছে না। তাছাড়া দেশে অনুসন্ধানী সাংবাদিকতাও কমে গেছে। তাছাড়া অনুসন্ধানী অনেক প্রতিবেদনও প্রকৃত অর্থে অনুসন্ধানী হয় না, কোন কোন ক্ষেত্রে টেবিলওয়ার্কেই সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই উল্লেখিত বিষয়গুলো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করা দরকার বলে মনে করি। এক্ষেত্রে আপনাকেই অগ্রণী বলে মনে হয়েছে। আশা করি, আপনি এ বিষয়ে উদ্যাগী হবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



