ক্রমশ যাতায়াত ব্যবস্থায় 'যানজট' এক ভয়াবহ আকার ধারণ করেছে। যানজট এর কারণে মানুষের অনেক সময় ব্যয় হচ্ছে, এটা বিভিন্নভাবে ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। তবু যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
যানজট নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময়ে রাস্তা চওড়া করা হচ্ছে, নতুন নতুন রাস্তা করা হয়েছে। ফ্লাইওভার করা হল। যানজটের খোঁড়া অজুহাতে পরিবেশবান্ধব বাহন রিকশা বন্ধ করা হচ্ছে, ভ্যান বন্ধ করা হচ্ছে। তবু যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যানজট নিয়ন্ত্রণে নানামুখী পরিকল্পনা নেয়া হচ্ছে, বাস্তবায়ন হয়েছে। কিন্তু আকাঙ্খিত যানজট কমছে না। বরং দিন দিন তা আরও বাড়ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এবং মহাখালী রেলক্রসিং এর ভয়াবহ যানজট ঠেকাতে সেখানে ফ্লাইওভার করা হয়েছিল। কিন্তু ফ্লাইওভার করার পর যানজট বেড়েছে, কমেনি। কারণ উপর দিয়ে ও নীচ দিয়ে যে গাড়িগুলো আসে তা জাহাঙ্গীর গেট এর কাছে এসে একসঙ্গে মিলিত হবার পর জ্যাম বেধে যায়। এ যানজট ভয়াবহ। পুরাতন বিমানবন্দরের একটি অংশ রাস্তার জন্য ছেড়ে দিয়ে সেখানে নতুন রাস্তা করা হয়েছে। তবু এখানকার যানজট কমেনি।
রাংস ভবন ভেঙ্গে রাস্তা হচ্ছে। এটিও একটি ভুল সিদ্ধান্ত। এজন্য আমাদের পস্তাতে হবে। এ রাস্তার ফলেও যানজট কমবে না। আরও অনেক স্থানে নতুন রাস্তা হচ্ছে। কিন্তু যানজট কমবে না-এটা নিশ্চিতভাবেই বলা যায়।
কারণ প্রতিদিন ঢাকায় যত নতুন নতুন প্রাইভেট গাড়ি নামছে, এগুলো চলার জায়গা কোথায়? এগুলো পার্কিংয়ের জায়গা কোথায়? রাস্তার উপর যদি প্রাইভেট গাড়ি পার্কিং করে, যদি সামান্য ফি দিয়ে প্রাইভেট গাড়ি ঘন্টার পর ঘন্টা পার্কিং করার ব্যবস্থা থাকে-তবে যানজট কিভাবে কমবে?
আমাদের পরিকল্পনাবিদরা জানেন, ঢাকার যানজট কমাতে হলে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু তারা প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণে কোন উদ্যোগ নেবেন না। কারণ এখানে স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার জড়িত।
নিউমার্কেট এলাকায় রিকশা বন্ধ করা হলো। রিকশার জন্য একটি ছোট লেন করা হলো। কিন্তু এখন সেখানে পার্কিং এর জায়গা করা হয়েছে।
ধানমন্ডিতেও একই অবস্থা। রাস্তায় গাড়ি পার্কিং করা থাকে। লেখা থাকে-এখানে পার্কিং নিষেধ। কিন্তু লেখার সামনেই গাড়ি পার্ক করে রাখা হয়।ধানমন্ডির স্কুল-ইউনিভার্সিটি'র ও মার্কেটে অনেকে আসে প্রাইভেট গাড়ি নিয়ে, সেগুলো রাস্তায় পার্ক করা হয়। কারণ কোন স্কুল-ইউনিভার্সিটির স্বতন্ত্র পার্কিং ব্যবস্থা নাই। যতটুকু আছে সেটা শুধু শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য। এজন্য স্কুলগুলোকে যদি বাধ্যতামূলক ছাত্র পরিবহন এর ব্যবস্থা করা হয় তবে প্রাইভেট গাড়ির আধিক্য কমবে, যানজটও কমবে।
ধানমন্ডিতে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। কোন সিএনজি চালক এখানে আসতে চায় না এই যানজটের অজুহাতে। দিনেবেলায় স্কুল ও ইউনিভার্সিটির প্রাইভেট গাড়ির জন্য যানজট হয়। আর বিকাল থেকে রাত অবধি যানজট হয় ফাস্টফুড দোকানের জন্য। ধানমন্ডি ঈদগাহ এর পাশে ৭/এ সড়কের সাত মসজিদ সড়কের সংযোগ স্থলে কেএফসি নামক একটি ফাস্টফুড শপ হয়েছে। এদের পার্কিংয়ের কোন জায়গা নেই। রাস্তার মধ্যে গাড়ি পার্ক করা হয়। কর্তৃপক্ষ এগুলো কি দেখেও দেখে না?
মোদ্দকথা, প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করা না গেলে ঢাকার যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


