আমি কৃষক। শোনো কবি, আমিও সবুজ বিলাই। তুমি সবুজ বোনো মনে, আমি বুনি মাটিতে। আমার সবুজ-মাঠ, সবুজ-উদ্যানই তোমার সবুজচিন্তার উৎস। তুমি যে মানবধর্মের কথা বলো তাও আমাদেরই সৃষ্টি। আমরা একে সামাজিক ধর্ম বলি। কোরান-পুরাণের বাইরে সমাজের যে রীতিনীতি ও সভ্যতা-ভব্যতা হিন্দু-মুসলমানের সম্প্রীতিকে যুগযুগ ধরে অটুট রেখেছে, ঘরে-মাঠে-ঘাটে-হাটে আমরা তার চর্চা প্রতিনিয়তই করি। আমাদের দৈনন্দিন জীবনের চর্চার বিষয়কে তোমরা কদাচিৎ চর্চা করো মাত্র। তোমাদের সবুজচিন্তা, মানবতার চর্চা প্রায়শ কৃত্রিম; আমাদের সবুজচিন্তা, মানবতার চর্চা স্বভাবগত। এ বিষয়ে আমরাই পেশাদারিত্বের দাবিদার।
তোমরা মানুষের চিন্তার বৈচিত্র্য ও দৃষ্টিভঙ্গির পার্থক্যকে স্বীকার করো, সম্মান করো। এমন আশা করো না যে, সবাই তোমাদের পছন্দ করবে, তোমাদের প্রশংসা করবে। মনে করো না যে, তোমাদের ভাবনাটাই শুধু ঠিক। স্বীকার করো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানগুলোকেও। কৃতজ্ঞ হও, পরমতসহিষ্ণু হও; আর অস্বীকার করো ভেতরের পশুবৎ অহমকে।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




