তারপর কেটে গেছে অনেকটা সময়,
হয়তো বা কোনো একদিন মুখোমুখী
অথবা দূরত্বের দেখা হবে।
আমি তোমার শরীরে চোখ রেখে পড়ব
বিগত সংসারের কথা।
তুমি হয়তো আমার অগোছালো ভাবনায় দায়ী করবে নিজেকে।
আমি চামড়ায় বয়স পুষে রেখে
পুরুষ থেকে প্রেমিক হব
আর তুমি নারী থেকে ক্রমশ ফিরে যাবে অভ্যস্ত চুড়িদারে,
বিজ্ঞান জানবে না
গতিবেগ কিভাবে তার সমস্ত ধর্ম ভেঙে
দুই হৃদয়ের মাঝে পরাধীন লোভী হয়।
যে শিশুটি এতক্ষণ শাড়ির আঁচলে লুকিয়ে ছিল
তার ধরে রাখা আঙুল লক্ষ্য করে
আবার তুমি পা বাড়াবে
সংসারের চৌকাঠে।
দুজনেই লক্ষ্য করব
দৃষ্টির মাঝে মাটি ফুঁড়ে উঠে দাঁড়িয়েছে আত্মসম্মানের শক্ত দেওয়াল।
দুজনেই আকর্ষণের সরলরেখা
দূরত্বে ভেঙে পায়ের তলে খুঁজে নেবো মাটি। দুই বিপরীতগামী মন
শুধু তাকিয়ে থাকবে দুজনের দিকে।
দুজনেই বুঝব শরীর ফিরে তাকানো
কতটা কঠিন
কতটা কঠিন!!
https://www.akibul.com/archives/233
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




