১.
অ্যাকুরিয়াম খেলা করে তোমার দু’চোখে
রংচং দুনিয়া; রোদচশমায় আটকে যায়
পারদ পোড়া দাগ।
আর তুমি; হেঁটে হেঁটে হারাও আমার মননে,
জলমগ্ন পাথুরে জীবন; দুঃখসহজাত,
কষ্টের ঝড় ওঠে প্রত্যহ যাপনে।
২.
বাড়াও দু’হাত;
স্বপ্নভরপুর প্রহর ডাকে
বাড়াও দু’হাত; একপা, দু’পা করে এগিয়ে এসো।
স্পর্দ্ধার জানালায় উঠেছে অই রোদের হাসি
প্রসন্নসকালময় কারুকাজ দিগ্বিদিক;
এসো, সাহস উড়াই; আমরা দু'জনে।
৩.
জলের শেষভাগে অবশিষ্ট বুদবুদ;
কুঁড়িয়ে এনেছি ভোরের শেফালী
তোমার বিশুষ্ক চোখের পাতায়
পড়ে আছে কয়েকটি সময়ের সমষ্টি।
একা ঘরের জানালায় খেলা করে
বুনোবাতাসের দল;
তানপুরার তারে বাজে বিচ্ছেদের গান।
জলের শেষভাগে অবশিষ্ট বুদবুদ;
তোমার শরীর থেকে খসে পড়ে তুমিহীন বিষণ্ণপ্রহর।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



