সাথে নিও, যতটুকু যেতে পারি, যাবো;
বৃদ্ধচরণের উপর দু’হাত, দেহভার আর গোটা কয়েক
সৃত্মির শুকনো ফুলকুঁড়ি করেছি জড়ো।
সাথে নিও, তুমুল শ্রাবণে হেঁটে যাবো;
হারিয়েছি আগেই পিছুটান, ভয় আর
মুছে গেছে দায়ভাগ সময়চক্রযানে।
সাথে নিও, প্রখর রোদ্দুরেও যাবো;
বাতাস কেটে কেটে ওড়ে অই শকুনডানার দল
তার ঠোঁটে লেগে আছে মৃতজমাটকালো রক্তের দাগ।
সাথে নিও, কাঁপানো শীতে কুয়াশা কেটে কেটে, হেঁটে যাবো;
ক্ষয়ে গেছে কবেই সকালের রোদ, ভোর-শেফালীর হাসি
আর বেলীরা ক্লান্ত ভীষণ, হারিয়ে সুগন্ধী রজনীর চাঁদ।
সাথে নিও; মায়ের আঁচলে এখন উইপোকার চলাচল
বেদনার সিঁড়ি নেমে আসছে দ্রুত; চারিধারে,
গ্রাসের সম্মুখে শিশুর আগামীপ্রহর।
সাথে নিও; মিশে যাবো মিছিলের ধ্বনির ভিতর
রক্তের সনদ জেনেছি আগেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


