ফিরে ফিরে আসে দিন, ঘুরে আসে রাত
বৃষ্টির ফোঁটায় ঘুম, ক্লান্তি একরাশ ;
সারাদিন রোদ জল, ঘাম মুছে হাসি
আঁধারে আলোর খোঁজে রাতজুড়ে দৌড়।
চাল নেই কুঠুরিতে, খালি পেট টং
দিন জেগে রাত এলে মুখে মেখে রং
পেটে নিয়ে ভাতক্ষিদে গালভরা হাসি
পুরুষের মন জয়ে ন্যাকামি ও ঢং।
এ মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে
তাই তো খাবার জোটে শেষ রাতে শালপাতে,
সমাজ শরীর দেখে বোঝেনাতো মন
তাই ছুটি মঞ্জুর শরীরের মেরামতে।
যে মেয়েটি ছুটে চলে সংসার একা ঘাড়ে
বুকে ভরে বেদনা সাথীহারা নিশি রাতে
ঘরভরা প্রিয়জনে চকচকে সাজানো
রোগেভরা শরীরে ছুটি শুধু ক্যালেন্ডারে।
দুজনে দুদিকে ছোটে মেরুর ফারাক মাঝে
কি করে তফাৎ খুঁজি জীবনের ধারাপাতে ?
দামে শুধু হেরফের, চাল খোঁজে দুজনাতেই
মেয়ে হওয়া অপরাধে দুজনেই শরীর বেচে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

