চিতার আগুন দাউদাউ
ফোঁপানো কান্নার ঢেউ
বৃষ্টির ছাঁটে মুহূর্তে নেভে
জল মোছানোর নেই কেউ।
যে জল ঝরে মেঘের সাথে
যে অশ্রু রক্তনয়নে
বাঁধা পড়ে সতেজ বহ্নি রৌদ্রে
নয়তো সুগন্ধি রুমালে।
যে জল ঝরে বুকের মাঝে
সব হারানোর রক্তে
সহানুভূতি মিছে হয় সেথা
হাহাকার ঘেরা আগুনে।
চিতার কাঠে লেলিহান শিখা
তার যা ছিল সব লেখা-জোখা
অহং লোভী বৃথা ভালোবাসা
ছাই এর মাঝে লেখা হল সেথা।
সিঁদুরের দাম শূন্য হয় আজ
আব্রু হায়ার মিছে অস্তরাগ
বধূ শুধু এক ছিন্ন অতীত
বিধবা নামের কষ্টার্জিত শাপ।
নতুন বিধবা চোখে খর তাপ
কথা ভাঙার গোপন মনস্তাপ
পাথরভাঙার শব্দ পেরিয়ে ভাবে
অভিমানী মন আজ শুধু পাপ।
শিরায় শিরায় রক্তরা ছোটে
লোভী হায়নার জল ভরা মুখে
ধূ ধূ চরায় ভরা জোয়ারের জলে
সাহায্য তার লালসার ঠোঁট চাটে।
পৃথিবীর বুকে জেগে থাকি যতদিন
ভালোবাসা নিয়ে বড়াই রাত্রিদিন
লোভী শকুনের বিষাক্ত নিঃশ্বাসে
ভালোবাসা ফেলে পালাই একদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

