প্রেম কি এসেছিল নিভৃত চরণে
ছায়া ঘন তব শ্যামল অরণ্যে ?
হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
খুঁজে ফিরি শোকগাথা নিবিড় গোপনে।
তন্বী সুতনু শিখা, লেলিহান সুখ,
বুক-জোড়া তাজমহল, বিবশ অসুখ,
গজগামিনীর ছন্দে বেভুল কিশোর
বিনিদ্র নির্ঘুমে খোঁজে একদলা ঘুম।
অতন্দ্র রাত শেষে স্বপ্নময় ভোর
বেলোয়াড়ী রিনঝিন সিক্ত মদির
রক্ত-মাংস-স্বেদ ঝরা একতাল মেদ
বিউটি পার্লারে তাজা শুধুই শরীর।
সুগন্ধি আতরের বৃথা অন্বেষন
বৃষ্টি-ঝরা সুখের শুধু বিজ্ঞাপন,
সোনার-পাথরবাটি, নেশায় বিভোল
সুতনু শিখায় ফাঁকি, শুধু আস্ফালন।
বৃষ্টিচ্ছায় অরন্যের নিঃসীম আঁধার
অভিমানী এক ফুল নীরব কাতর,
দৃষ্টির আড়ালে দৃষ্টি, সুগন্ধ ছড়ায়
আঙুলের কড় গোনে দীর্ঘ প্রতীক্ষার।
তীক্ষ্ণ মুখ পর্বতের বিরহ ব্যাথায়
গজগামিনী তানপুরার শোকের ছায়ায়
বিজ্ঞাপনে মুখ ঢেকে যাওয়া সজল চোখে
সুগন্ধি বিলানোর অচল অভিপ্রায়।
পথ ভুলে কোনো রাতে বেভুল কিশোর
মায়াময় ফুলের ছায়ায় বিভোর
সুশীতল অবগাহন অতল নয়ন
বুক জুড়ে ভালোবাসা-সুগন্ধি আতর।
প্রেমহীন ভালোবাসা প্রেমিক সুজন
পল-অনুপলে ঘেরা মিথ্যা সম্ভাষণ
সাড়ম্বরা নীল-কাঁচ ঠুনকো পৃথিবী,
আরদিকে ঢেউ তোলে নিভৃত সমর্পন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

