নীলার বুকে নীল সাগরের ফুল ফোটানো জোছনা ছিল
কুবো পাখির মরীচিকার হাতছানিতে দুপুর এল
নিঝুম রাতে ঘুঘুর ডাকে ঢেউএর দোলা
রাতচরাদের মৌনমিছিল আমার বুকে নিবিড় হল।
অভিমানের চলন্তিকা গোধূলির ঐ নিঝুম শয়ান
হারিয়ে ফেলার বুকফাটা শ্বাস খুনখারাপি রঙে বয়ান
ফিরে দেখার প্রানের রশি ভোরের আলোয় ঝিকিমিকি
শিশির ফোঁটায় মাতামাতি রঙছড়ানো ভুলের ধেয়ান।
ফুলফোটানো জোছনা কখন সব ঝরানোর কাক জোছনায়
হৃদয়গভীর আমূল শিকড় উপড়ে ফেলার নিপুণতায়
নিশীথ রাতে নির্জনতা অভিনয়ের গোপন সুরে
মৃত্যু-রঙীন ভালোবাসার শেষ অঙ্কের নামতা শোনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

