"নীলমনি তুই যাসনে চলে,
বন্ধুরা তো দলে দলে
এঘাট ওঘাট নকশা-আঁকা রঙীন নায়ে
পেরিয়ে উধাও আবছা আলোর সোনারগাঁয়ে।
মাঝনদীতে নৌকাটি তোর দেখিস সখি
টালমাটাল এক ঘূর্ণী-ঝড়ের মুখোমুখি
যায়না ভেসে কুহক-জলের তীব্র স্রোতে
বেহুঁশ বেচাল অন্ধকারের অচিন পথে।
ভয় পাসনে, ঢেউয়ের টানে অথৈ জলে
অঙ্গাবরণ যদি খোলে,
রেশমী কোমল ঢেউয়ের নদী জাদু জানে,
লজ্জা ঢাকার রহস্যময় কাব্য জানে।
এলিনে তুই।বুকের ভেতর দরজাগূলো কাঁপতে থাকে
থরথরিয়ে, গুমরে উঠে ডাকে--
শব্দগুলো থমকে দাঁড়ায় বিরল বাঁকে
ছুরির ফলার রক্তঝরার ছবি আঁকে।
নগ্নকান্তি রক্তশিখা আকাশ-চোখে
চিরকালের যন্ত্রণাকে জ্বালিয়ে রাখে।"
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




