
সুন্দর একটা দালান তৈরি হলে মানুষ দালানটার দিকে তাকিয়ে তার প্রশংসা করে, কিন্তু কখনও দালানের ভিত হিসেবে যে পিলারগুলো রয়েছে তার কথা কেউ কখনও জিজ্ঞেস করেনা। একটা সংসারের উপার্জনক্ষম ব্যাক্তি যদি পুরুষ হয় আর নারী সদস্য যদি শুধু ঘরের কাজ করে সারাটা জীবন পার করে দেয় তবে তার কোন কৃতিত্ব থাকেনা, সুন্দর সংসারের কৃতিত্ব যায় পুরুষ সদস্যের ওপর। কেন? কারণ সংসার তো তার টাকায় চলে। পেশায় ‘গৃহিণী’ ট্যাগ লাইন লাগিয়ে আমাদের উপমহাদেশের নারীরা সারাটা দিন সারাটা ক্ষণ ঘরের কাজে ব্যস্ত থাকেন, যেখানে কর্পোরেট পুরুষেরা অফিসের কাজ শেষে সপ্তাহে অন্তত দুই দিন ছুটি পেয়ে আরামে কাটিয়ে দেন দিনগুলো। কিন্তু নারীরা? তাদের সাপ্তাহিক ছুটি বলে কিছু নেই। ঘর সামলানো কিংবা সন্তানের লালন পালনের মত ব্যাপার এতোটা সহজও না। কিন্তু এরপরও পুরুষদের কাছ থেকে বিন্দুমাত্র অনুপ্রেরণা পান না নারীরা। কোন ভাবে কোন কাজ একটু এদিক ওদিক হলে পুরুষদের বুলি একটাই- ‘সারাদিন ঘরে বসে কি করো?’
বলছিলাম গত ১ এপ্রিল বলিউডে মুক্তিপ্রাপ্ত ছবি ‘Ki & Ka’-এর কথা। এশীয় উপমহাদেশের নারীদের জীবনধারা, পুরুষদের সংকীর্ণ চিন্তাধারার বাইরেও যে অন্যভাবে সাংসারিক জীবন চিন্তা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ছবিটি।
ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর এবং কারিনা কাপুর খান। ছবির কাহিনী আবর্তিত হয়েছে কিয়াকে(কারিনা কাপুর) ঘিরে। বিশাল এক কোম্পানির মার্কেটিং ম্যানেজার সে। বয়স ত্রিশের কোঠা পার হলেও বিয়ের চিন্তা সে করেনা। কারণ বিয়ে হলেই তার সব স্বাধীনতা হারিয়ে যাবে। স্বামীর কথায় উঠতে হবে, বসতে হবে। কিন্তু ভাগ্যক্রমে তার পরিচয় হয় কবিরের(অর্জুন কাপুর) সাথে, যার চিন্তা ভাবনা একদম অন্যরকম। কবির দেশের অন্যতম ধনী ব্যবসায়ির ছেলে হওয়া সত্ত্বেও বাবার ব্যবসা কিংবা টাকা পয়সার প্রতি কোন আগ্রহ নেই। সে এমন এক নারীকে বিয়ে করতে চায় যে চাকরী করবে আবার অন্যদিকে কবির সংসারের যাবতীয় গৃহস্থালি কাজ করবে, ঠিক তার মায়ের মতন। টুকটাক দেখা সাক্ষাৎ হবার পর কিয়াকে বিয়ে করতে চায় কবির। এক সময় বিয়ে হয় তাদের। অন্যরকম কিন্তু সুন্দর এক সংসার চলছিল তাদের। এর ভেতর নানা ঘটনার মধ্য দিয়ে কবিরের সংসার ধর্মের কথা পুরো দেশে চাউর হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ধরণের নারী বিষয়ক অনুপ্রেরণামূলক ভাষণ দিয়ে, বিভিন্ন রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ করে কবির নাম কামিয়ে ফেলে। কিন্তু এখান থেকেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ সব কিছুই জানতে দেখতে হবে Ki & Ka নামের অসাধারণ সিনেমাটি।
১২৬ মিনিট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন আর.বাল্কি। ছবিটির গল্পকার এবং প্রযোজকও পরিচালক নিজেই। বরাবরই আর.বাল্কি ভিন্নধারার গল্প নিয়ে ছবি তৈরি করে থাকেন। তার পরিচালিত দর্শকনন্দিত ছবির তালিকায় আছে ইংলিশ ভিংলিশ, পা, শামিতাভ, চিনি কম। নতুন এই ছবিতেও ভিন্ন স্বাদ পাওয়া গেছে। ছবির কিছু কিছু সংলাপও অসাধারণ লেগেছে। শিল্প নির্দেশনার দিকেও যে ভালোই নজর দেওয়া হয়েছে সেটা ছবির সেট দেখেই বোঝা যায়।
অভিনয়ের কথা যদি বলা হয় তবে সেক্ষেত্রে সবাই ভালো করেছে। কেন্দ্রীয় অভিনেতা-অভিনেত্রী ছাড়াও প্রতিটি ছোট ছোট চরিত্রও জীবন্ত অভিনয় শৈলী দেখিয়েছে।
৩৫ কোটি রুপী বাজেটের ছবিটি মুক্তির দুই দিনেই ১২ কোটি রুপী উঠিয়ে ফেলেছে। বাণিজ্যিক ভাবে ছবিটি যে সফলতা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
পরিশেষে বলবো, সংসারে নারীর অবদান কীরূপ এবং পুরুষেরা কিভাবে তাদের তথাকথিত চিন্তাধারার পরিবর্তন আনতে পারে তা সুন্দর ভাবে উপস্থাপন করেছে মুভিতে। বিবাহিতদের মুভিটি দেখা ফরজ বোধ করি। পরিপূর্ণ বিনোদনের পাশাপাশি অনেক শিক্ষনীয় বিষয়ও আছে এতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

