"তুমি কি সেই পুরনো তুমি আছো"
মেয়ে তুমি কি এখনও আকাশ দেখো
নাকি দিনপঞ্জিকার মতো সময় ঘড়ির হাত ধরে পাল্টে গেছো।
তুমি কি সেই পুরনো তুমি আছো
মধ্য দুপুরে ক্লান্ত আমার জন্য কি চিন্তা হয় তোমার।
নাকি ফিকে হয়ে যাওয়া আমায়
ফেলে দিয়েছো ভাঙা আয়নার মতো।
আচ্ছা মেয়ে,
তুমি কি এখনো স্বপ্ন বিভোর হও
বর্ষণরত কোন সন্ধ্যায় খোলা জানলা দিয়ে হাত বাড়াও।
নাকি তোমার চারপাশে আজ অহমিকার প্রাচীর
বৃষ্টি আকাশ আর আমি অবাঞ্চিত।
নিষ্ঠুর সত্যের কাঠগড়ায় আজ
আমি আর আমার অবলুপ্ত ভালবাসা
ঘাস ফড়িং হয়ে তাই প্রেম দেই না আর
বুনো ঘাস হয়ে লুটিয়ে পড়ি পদতলে।
অন্তরের প্রকোষ্ঠে ভালোবাসার লালন হয় না আর।
মেয়ে এখনও কি তুমি আয়নায় নিজেকে দেখো
কপালের টিপ আর খোঁপায় গোঁজা নাম না জানা ফুল।
নাকি অগোছালো হয়ে গেছো বয়সের পরিক্রমায়
বলিরেখা পড়েছে নাকি
এখনো আগের মতোই উচ্ছ্বল ষোড়শী মন তোমার।
উস্কখুস্কো আমায় মনে করে
এখনও কি হাসি পায়।
নাকি প্রেমিকার মতো শাসনে স্বরে
ভালোবাসা দিতে ইচ্ছে করে।
উষ্ণ আলিঙ্গনে প্রেমশূন্য আমায়
মুঠো ভরে ভালোবাসা দেবে।
নাকি এখনও আমার জন্য
তোমার রাতগুলো জোনাকশূন্য
শুধুই ঝিঁ ঝিঁ পোকার একঘেয়েমিতা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


