"স্পন্দনহীন মধ্যাহ্ন কাব্য"
কখনও ইচ্ছে হলে
দেখে যেয়ো এই দিশেহারা আমায়
রাজ্যহীন রাজপুত্রের স্পন্দনহীন কোনও মধ্যাহ্নে।
খুঁজে পাবে আমায়
আধখোলা জানলার পাশে চিরচেনা
আমি আর আমার কবিতা।
একফালি রৌদ্রের কাছে হার মানা ঘুটঘুটে অন্ধকার
তোমার স্মৃতি জড়ানো আসবাব আর ধূলিময় ছবির এ্যালবাম
বসে আছি বেলা অবেলার সন্ধিহ্মণে
তোমার ফেরার প্রতীক্ষায়।
কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়
চাঁদের স্নিগ্ধতা ফিকে হয়ে যাবে
রাতের নিস্তব্ধতা হার মানবে তোমার আগমনে।
আমি বাতাসের বুকে কান পেতে রইবো
ভালোবাসার শেষ রসটুকু পান করবো জ্যোস্নার পেয়ালায়।
তুমি অনন্ত যৌবনা
নাকি বয়সের বলিরেখায় হারিয়ে ফেলেছো সেই পুরনো প্রানবন্ততা।
জানি না ----
বুকের মাঝে হৃদপিন্ডটা আজো আমার
নাকি দখলদারিত্ব আজ অন্য কারো।
শুধু জানি ----
সময়ের অতিমানবীয় গতিতেও
রাজকন্যার জন্য লুকিয়ে রাখা আমার প্রেমের রাজ্যে
জীর্ণতার ধূলো কখনো হবে না জমা।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



