ব্লগ এখন ঝিমাচ্ছে। তার মধ্যেও কেউ কেউ জেগে পাহারা দিচ্ছেন এই প্রাণের টানের জায়গাটিকে।
আপনাদের নাম নয়, কেবল নিক জানি। তাতেই অনুভব করি, আপনাদের মধ্যে অনেকের সাথে কেমন একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।
সুখবরটা দেব কি দেব না এ রকম দোটানায় ভুগেছি আজ সারা দিন। ভেবেছি, কে না কি ভাবে। এভাবে নিজের ঢাক পেটানো ঠিক হবে কি না। কিন্তু যাদের সাথে দিনের বেশির ভাগ সময় কাটাই, যারা অনেক দূরে থেকেও সবচেয়ে কাছে, তাদের না জানানো পর্যন্ত মনটা খচখচ করতেই থাকবে, সেটা ভালোভাবেই বুঝতে পারছিলাম।
যাক, সহজভাবেই কথাটা বলি। আমি একজন স্ক্রিপ্ট রাইটার। এত কাল মঞ্চনাটক লিখে এসেছি। কিন্তু এই প্রথমবারের মতো আমার স্ক্রিপ্টে স্বল্পদৈর্ষ্য চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটির নাম - আঁধারে আলো। মূল গল্প ও পরিচালনা করেছেন স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্ট থেকে পাশ করা ছাত্র রবিউল আলম রবি। চিত্রনাট্য ও সংলাপ আমার লেখা। ডাইরেক্টর অফ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফার হিসেবে আমাদের সাথে কাজ করবেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের শিক্ষক পঙ্কজ পালিত। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করবেন সিরাজ হায়দার, এস.এম মহসিন, ফারজানা ছবি প্রমুখ।
আগামী রবিবার গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। আপনারা সবাই আমার জন্য এবং আমার চলচ্চিত্র ইউনিটের জন্য দোয়া করবেন।
আশা করি, আমার একান্ত সুখবরটি বলে আপনাদের বিরক্ত করলাম না।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ ভোর ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



