একটা আশংকা থেকেই যাচ্ছে। গতকাল একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধন করে 'ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন- ২০০৯' পাস হয়েছে। কিন্তু বিচার করার প্রক্রিয়াটি ঝুলে যাবে কি না এবং পরবর্তীতে আসামীরা পার পেয়ে যাবে কি না সেই আশংকা থেকেই যাচ্ছে।
কেন এই আশংকা :
আমাদের দেশের বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার জালে বন্দী। এত দীর্ঘ সময় ধরে বিচার চলতে থাকে যে শেষ পর্যন্ত বাদী বিরক্ত হয়ে যায় যে, কেন সে বিচার চাইতে গেল।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন হয়। আমি একটি খুব ছোট স্থানীয় দৈনিক কাজ করি। আমার ইচ্ছা ছিল নির্বাচনের ফলাফল আমার পাঠকরা পাক। তাই সেই দিন শেষে রাত সাড়ে তিনটা পর্যন্ত অফিসে কাজ করি এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করি।
অফিস থেকে বেরুতে বেরুতে পৌনে চারটা বেজে যায়। রাস্তায় বেরিয়ে বিপদে পড়ে যাই। চারদিকে ঘন কুয়াশা, রিক্সা তো দূরের কথা, কোন মানুষ নাই রাস্তায়। অবশেষে হেঁটে রওয়ানা হলাম বাড়ির দিকে। অর্ধেক রাস্তা আসার পরেই ছিনতাইকারীর কবলে পড়লাম। তারা দু'জন। এক জন পেছন থেকে আমার ঘাড়ে ছুরি ধরে এবং অপর জন সামনে এসে দাঁড়ায়। পেছনের জন বয়সে তরুণ হলেও সামনের জন্য কিশোর। ভাঙ্গা চেহারা ও হেংলা স্বাস্থ্য দেখেই বুঝতে পারি তারা মাদকাসক্ত। সামান্য গাইগুই করে তাদের দাবি মোতাবেক মানিব্যাগ বের করে দেই। পেছনের জন সামনের জনকে আমার মোবাইল ফোনটি কেড়ে নিতে বলে। হঠাৎ সাহস ফিরে পাই আমি। মনে পড়ে মোবাইল ফোনে আমার মায়ের মৃতু্্যর আগের কিছু স্টিল ও ভিডিও তোলা আছে। এগুলো আর কোন কপি নাই। এটা হারালে চলবে না। তৎক্ষণাৎ সামনের জনকে একটা ধাক্কা মারি এবং পেছনের জনের হাটু বরাবর লাথি মারি । সামনের জন পড়ে যায়, পেছনের জন আমাকে ছেড়ে দেয়। আর আমি দেই দৌড়। ঘন কুয়াশা থাকায় তারা আর আমাকে ধরতে পারে নি।
যাই হোক, পরের দিন গেলাম থানায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আমার সব ঘটনা শুনলেন। জিজ্ঞেস করলেন আমি তাদের চিনতে পেরেছি কি না। আমি সত্যি কথা বললাম। শীতের দিন বিধায় মাফলারে তাদের মাথা মুখ মুড়ানো ছিল। তাই তাদের চেনা আমার পক্ষে সম্ভব না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বললেন, দেখেন আপনি সাংবাদিক মানুষ, তাই আপনাকে একটা ভালো পরামর্শ দেই। আপনার উচিত মামলা করা। কিন্তু মামলা করে লাভ কী ? আপনি মামলা করবেন, আমি ছিনতাই কারা কারা সে হিসেব করে কয়েক জনকে আসামী বানাব। আপনি তাদের চিনতে পারবেন না। তারা ছাড়া পেয়ে যাবে। তারপর তারা আপনাকে টার্গেট করবে। আপনি সাংবাদিক মানুষ, রাত বিরেতে চলাফেরা করেন। দেখবেন, এবার আপনাকে ছুরি মেরে আবার ছিনতাই করবে।
আর যদি আসামী চেনেনও তাতেও লাভ নাই। আপনি আদালতে যেতে যেতে বিরক্ত হয়ে যাবেন। উকিল ধরবেরন, ফি দেবেন। টাকা আর সময় নষ্ট। তারপর এক সময় আপনার আর উকিলের কাছে যেতে ইচ্ছে করবে না। কত আর টাকা নষ্ট করা যায় ? ফলে আসামী খালাস পেয়ে যাবে। আর বোঝেন তো, খাচা থেকে বাঘ বেরুলে কি হয় ? তারা আপনাকে টার্গেট করবে। আপনার জিন্দেগি তেজপাতা হয়ে যাবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা শুনে আমি মামলা না করে ফিরে এলাম। আমার সিনিয়র সাংবাদিক ভাইয়ের সাথে পরামর্শ করলাম। তিনি বললেন, ওসি সাহেব ঠিক পরামর্শ দিয়েছেন। মামলা করে বিপদে পইড়েন না। যা গেছে সেটা জানের সদকা হিসেবে ভেবে নেন।
আমি আর মামলা করার সাহস পেলাম। যা গেছে সেটা জানের সদকা হিসেবে ভেবে নিলাম।
আরেকটা ঘটনা। আমার এক বন্ধু বিদেশে থাকে। দেশে এসে বিয়ে করে স্ত্রী রেখে গেছে। ক'দিন পর জানা গেল, তার স্ত্রী উধাও। তার পূর্ব প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। যাওয়ার সময় কিছু টাকা পয়সা ও অলংকার নিয়ে গেছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হল, বন্ধু ইতিমধ্যে তার স্ত্রীর একাউন্টে সাড়ে ৩ লাখ টাকা পাঠিয়েছিল, সেগুলোও গেছে বলে ধরে নেয়া হল।
বন্ধু দেশে ফিরে আর স্ত্রী ও প্রেমিককে আসামী করে মামলা করল। ২টি মামলা। একটি হল, চুরির মামলা এবং অন্য দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা। বন্ধুর টাকার সমস্যা নাই। এডভোকেট সাহেবকে প্রচুর টাকা দেয়া হল। তারপর বন্ধু তার চাকুরি রক্ষার্থে বিদেশ চলে গেল। মামলা দেখাশোনার দায়িত্ব পড়ল তার বাবার উপর। বন্ধু হিসেবে আমিও খোঁজ খবর রাখি।
ইতিমধ্যে তার স্ত্রী তাকে তালাক দিল। কিন্তু আমার বন্ধু কোন নোটিশ পেল না।
চুরির মামলায় অনেক খরচ করে গ্রেফতারি পরোয়ানা পাওয়া গেল। ঢাকার মতিঝিল থানায় গিয়ে আমি খোঁজ খরব লাগালাম। পুলিশ অফিসার আমাকে থানায় বসিয়ে রেখে পরকীয়া প্রেমিকটিকে গ্রেফতার করতে গেল। কিছুক্ষণ পর আমাকে মোবাইল ফোনে জানাল, আসামী অফিসে আসে নাই। তাই গ্রেফতার করা গেল না।
অনেক পরে আসামীর এক বন্ধুর কাছ থেকে জানলাম, সেদিন পুলিশ অফিসার ইচ্ছে করলেই আসামী গ্রেফতার করতে পারত। কিন্তু ৭ হাজার টাকা ঘুষ খেয়ে আসামী ছেড়ে দেয় সে। পরবর্তীতে আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পায়।
যাই হোক, চুরির মামলা খারিজ হয়ে গেল। আদালত বলল, স্ত্রী কখনও স্বামীর কোন কিছু চুরি করতে পারে না। ওটা তাকে উপহার হিসেবে দেয়া হয়েছে।
দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলাটি চলছে। প্রায় ২ বছর কেটে গেছে। মাসে ১ বার তারিখ পড়ে। উভয় পক্ষ যায়। আবারও কোন না কোন কারণে তারিখ পড়ে। এখন মামলার বাদী ও আসামী উভয় পক্ষই বিরক্ত।
আমার বন্ধুর বাবা হতাশ। তিনি বলেন, আমার ছেলের স্ত্রী গেছে, টাকা গেল, সম্মান গেল এবং সবশেষে আমরা বিচারও পাব না।
সবশেষে আরেকটি উদাহরণ। ক' দিন আগে আমার অফিসে এক বৃদ্ধ এসে হাজির। তার হাতে কিছু জমির দলিল। ৩ পুরুষ ধরে তার ও তাদের দূর সম্পর্কের আত্মীয়ের মধ্যে জমি সংক্রান্ত মামলা চলছে। এবার তারা তাদের পক্ষে রায় পেয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাদের জমিতে উঠতে দিচ্ছে। আমি যেন একটা নিউজ করে দেই।
কাগজপত্র পড়ে আমার মনে যেই জমি সেটা কিনতে হলে এর চেয়ে অনেক কম খরচ হত, যত খরচ হয়েছে মামলা করতে গিয়ে। বৃদ্ধ বললেন, তার বাবাকে সারা জীবন মামলা করতে দেখেছেন। তার দাদার করা এই মামলা তিনি সারা জীবন টেনে এনেছেন। তার ছেলেকেও এই মামলার জের টানতে হবে।
আবারও আশংকা
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিচারের ব্যবস্থা করে। সেই বিচার শেষ হয়ে রায় হয়েছে। কিন্তু সেই রায় এখনও কার্যকর হয় নি। কবে কার্যকর হবে কে জানে ? যেই দেশে স্বয়ং প্রধানমন্ত্রীর বাবার হত্যার বিচার হয় না, সেই দেশে অন্য মানুষ বিচার পাবে এত সহজে সেটা কি ভাবা উচিত ?
সর্বশেষ আশংকা
১৯৯১ সাল থেকে আমাদের দেশে পাল্টাপাল্টি করে ক্ষমতায় আসে বিএনপি ও আওয়ামী লীগ। এখন বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আছে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত। আগামী নির্বাচনে বিএনপিকে আবারও মানুষ ভোট দেবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে বিএনপি ও জামায়াত জোট আবারও ক্ষমতায় এলে যুদ্ধাপরাধ মামলাগুলো যে ঝুলে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায়।
তাছাড়া বর্তমান সরকার একটা বাজে উদাহরণ তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। রাজনৈতিক হয়রানিমূলক বলে মামলা প্রত্যাহারের একটি রেওয়াজ সৃষ্টি করেছে এই সরকার। প্রত্যাহারের তালিকায় বিরোধীদলের কোন মামলা নাই।
ফলে এ কথা পরিষ্কার করেই বলা যায়, পরবর্তীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে তারাও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা শুরু করবে। যুদ্ধাপরাধ মামলাগুলো যদি এভাবে প্রত্যাহার করে ফেলা হয়, তখন এই মামলার যারা বাদী বা সাক্ষী হবে, তাদের কী অবস্থা হবে ? তারা টাকা পয়সা ও সময় ব্যয় করে কী পাবে কেবল সময় নষ্ট করা ছাড়া ? তাছাড়া মামলা প্রত্যাহার হয়ে গেলে উল্টো বিপদে পড়ে যাবে তারা। যুদ্ধাপরাধের বিচার চাইতে গিয়ে নিজেরা শিকারে পরিণত হবে।
তাই আমার মনে হয় বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রিতা দূর করতে না পারলে কোন দিনও আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। বরং বাদীর টাকা, সময় ও সম্মান নষ্ট হবে। বিচারের বাণী কেবল নীরবে নিভৃতে কাঁদবে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


