মহিলাটি একজন কাজের বুয়া। নানা বাসায় কাজ করে।
আমার এক সহকর্মীর বাসায়ও কাজ করে। আমার সহকর্মী আবার কুলীন প্রকৃতির লোক। তার সব কিছুতেই শুচিবায়ু এবং সন্দেহবাতিক।
একদিন রাস্তায় যাওয়ার সময় তিনি দেখলেন তাদের কাজের বুয়াটি তার ময়লা কাপড়ের নিচ থেকে মোবাইল ফোন বের করে কথা বলছে। বাসায় ফিরেই তদন্ত করলেন। তদন্তে পাওয়া গেল সম্প্রতি কাজের বুয়া একটি মোবাইল ফোন কিনেছে। তার বাচ্চার বাবা গ্রামের বাড়িতে যায়, সে জন্য কথা বলার দরকার হয়।
মোবাইল কেনাটা আমার সহকর্মীর পছন্দ হয় নি। তার ধারণা এই মহিলা কোন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। কোন দিন তার বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করবে মোবাইল ফোন দিয়ে। তারপর ডাকাতি করে সব নিয়ে যাবে। এই সন্দেহের বশে তিনি বুয়াকে চাকুরি থেকে বিদায় করে দিলেন।
আমাকে ঘটনাটি বলার পর বললাম, ভুল করেছেন। ডিজিটাল বুয়া হওয়াতে বরং আপনার সুবিধা হত। যে কোন সময় কাজে আসতে দেরি করলে কারণটা জানতে পারতেন ফোন করে। তাছাড়া দোকানে বা বাজারে পাঠালে তাকে ফোনে তাৎক্ষণিকভাবে আনতে বলতে পারবেন। আমি আরও বোঝালাম, ডাকাতির দল থাকলে মোবাইল ফোন না থাকলেও আপনার বাসায় ডাকাতি করা সম্ভব। যে যুগে মোবাইল ফোন ছিল না, সে যুগে কি ডাকাতি হত না ?
কিন্তু তিনি নাছোড় বান্দা। তার সন্দেহের বাইরে তিনি কোন কথা বলতে চান না। অতএব আপতত বুয়ার চাকুরি গেল মোবাইল ফোন কেনার অপরাধে।
আমার মনে পড়ে গেল একটা সত্যি ঘটনার কথা। কোন এক বৃটিশ সাহেব একটা ঘড়ি পড়েছিল। সেই ঘড়ি কোন এক বাঙ্গালি বাবুর হাতে দেখার সাথে সাথে তার নিজের হাত থেকে ঘড়িটি খুলে বুটের তলায় পিষে ভেঙ্গে ফেলেছিল। তার অহংকার ছিল, বাঙ্গালি বাবু যেই ঘড়ি পরে সে সাহেব হয়ে সেই ঘড়ি পরতে পারে না।
এটাকেই বলে অহংকার। নিজেকে অভিজাত ভাবার অহংকার। বৃটিশ গেছে, কিন্তু তার সেই শ্রেণীভেদ ও অহংকার রেখে গেছে আমাদের মধ্যে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


