রাজশাহীতে অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই নেই। শ্রমিক খরচও দেশের অন্যান্য স্থানের চেয়ে কম। ফলে ব্যবসা-বাণিজ্যের জন্যও বেশ উপযুক্ত। এছাড়া শিক্ষানগরী রাজশাহী প্রতিবছর ব্যবসায় প্রশাসনে তৈরি করছে প্রচুর দক্ষ লোক। তারপরও রাজশাহী ক্রমেই ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এমনকি খুলনার চেয়েও পিছিয়ে পড়ছে। এর প্রধান কারণ রাজশাহীতে শিল্পায়নের অভাব। আর কর্মসংস্থান না থাকায় খোদ বিবিএ ও এমবিএ (ব্যবসায় প্রশাসন) শিক্ষার্থীরা খেলাধুলা, আড্ডা দিয়ে সময় পার করেন। চেষ্টা করেন যত তাড়াতাড়ি শিক্ষাজীবন শেষ করা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের রাজশাহীতে কাজের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে এমন মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষকরা।
রাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. এম হুমায়ুন কবির বলেন, ঢাকা, চট্রগ্রাম, খুলনায় শিল্পায়ন হওয়ায় সেখানে কর্মসংস্থান অনেক। পড়াশোনার পাশাপাশি সেখানকার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে পার্ট-টাইম কাজ করার সুযোগ পাচ্ছে। এতে একদিকে তারা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে অপরদিকে তাদের পেশাগত দক্ষতাও বাড়ছে। কিন্তু রাজশাহীতে শিক্ষার্থীরা টিউশনি ও কোচিংয়ে ক্লাশ নেয়া ছাড়া আর কোনো সুযোগ পাচ্ছে না। ড. এম হুমায়ুন কবির আরো বলেন, আমরা ভালো শিক্ষার্থী পাচ্ছি, আবার আমাদের শিক্ষার্থীরা ওখানকার শিক্ষার্থীদের চেয়ে তাত্ত্বিক জ্ঞানে অনেক ভালো, ভালো জানেও। তারপরেও আমাদের শিক্ষার্থীরা তাদের সঙ্গে পারছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীরা ৫ লাইন জানলেও ভাইভা বোর্ডে বলতে পারে ৩ লাইন। ২ লাইন ভুলে যায়। আর ঢাকা এবং চট্রগ্রামের শিক্ষার্থীরা অবস্থানগত কারণে ৩ লাইন জানলেও ৫ লাইন বলে। নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করে। আর চাকরি দাতারাও সেটাই যায়।
কাজ না থাকায় শিক্ষার্থীরা অলস সময় কাটায় উল্লেখ করে ড. হুমায়ুন কবির বলেন, এখানকার শিক্ষার্থীরা সকাল ৮-৯টায় ঘুম থেকে ওঠে, ১০টায় ক্যাম্পাসে আসে, ১২টায় রুমে যায়। দুপুরের খাবার খেয়ে ঘুমায়, সন্ধ্যা- রাত ৮টা পর্যন্ত আড্ডা দেয়। রাতে কিছুক্ষণ পড়ে আবার ঘুম। একই রুটিন শিক্ষকদেরও।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক হুমায়ুন কবির আরো বলেন, রাজশাহীতে উন্নয়ন সমস্যার মূলে রয়েছে গ্যাস। গ্যাস এলে রাজশাহী আর রাজশাহী থাকবে না। এখানে শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে। শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি পার্টর্-টাইম কাজের সুযোগ পাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক রুন্দ্রেন্দু রায় রুদ্র জানান, যেকোনো স্থানে শিল্পায়নের জন্য প্রয়োজন বিদ্যুৎ ও গ্যাস। এর কোনোটাই রাজশাহী ঠিকমতো দিতে পারছে না। গ্যাসের পাইপ বসানো হয়েছে। কিন্তু সংযোগ নেই। ফলে তা কাজে আসছে না। তবে সম্প্রতি রাজশাহীতে গড়ে ওঠা রিয়েল এস্টেট ব্যবসাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। রাজশাহীর উন্নয়নের বাধাগুলোকে দূর করার পরামর্শ দেন রাবির এই শিক্ষক। যমুনা সেতু নির্মিত হওয়ায় রাজশাহী-ঢাকার যোগাযোগও ভালো হয়েছে। এখন প্রয়োজন শিল্পায়নের। এজন্য সরকারকেই প্রথম এগিয়ে আসতে হবে বলে মনে করেন রুদ্রেন্দু রায়। পাশাপাশি স্থানীয় রাজনীতিকদেরও ভূমিকা রাখার কথা বলেন তিনি। এদিকে ‘রাজশাহীতে শিল্পায়নের সম্ভাবনা নেই’ বলে মত দিয়েছেন রাবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল রানা। তিনি বলেন, এখন সবকিছুই নিয়ন্ত্রিত হয় ঢাকা থেকে। আগে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ মঞ্জুরের ক্ষমতা ছিল। এখন সেটা কেড়ে নেয়া হয়েছে। শিক্ষক সোহেল রানা আরো বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ছাড়া কেউ রাজশাহীতে স্থায়ী হচ্ছে না। চিকিৎসকরা রাজশাহীতে প্র্যাকটিস এর জন্য কিছুদিন থাকছেন। আবার যেসব চিকিৎসক বেশি রোগী পাচ্ছেন তারাই কেবল স্থায়ীভাবে থাকার চেষ্টা করেন। কিন্তু এ সংখ্যাটা কম। রাজশাহীতে শুরু হওয়া উদীয়মান আবাসন ব্যবসা (রিয়েল এস্টেট) সম্পর্কেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘এটা ধপ করে পড়ে যাবে। এখানে ২০টির মতো বিল্ডিং হলে আর কি দরকার আছে?’
তবে রাবির আরেক শিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক কেএম সাব্বির হাসান এর মতে, রাজশাহীতে শিল্পায়নের প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। শুধু প্রয়োজন তার বাস্তবায়ন। তিনি উল্লেখ করেন, রাজশাহীর সিএনবি মোড়ের রেস্টুরেন্ট কুকিজারে যারা কাজ করে তারা সকলেই রাজশাহী কলেজের ছাত্র। আবার নগরীর অলকার মোড়ে অবস্থিত মাস্টার সেপ রেস্টুরেন্টেও অনেক ছাত্র কাজ করে। তারা সকলেই রাজশাহী কলেজের ছাত্র। তবে এসব জায়গায় বেতন কম বলে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেন না বলে মনে করেন রাবির এই শিক্ষক।
প্রভাষক কেএম সাব্বির হাসান আরো বলেন, রাজশাহীর শিক্ষার্থীরাও চায় পার্ট-টাইম কাজ করতে। কিন্তু রাজশাহীতে সে সুযোগ তারা পাচ্ছে না। ঢাকায় কেএফসি, ম্যাকডোনাল্ডসহ বহু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। ফলে সেখানে কাজের সুযোগও বেশি। রাজশাহীতে শিল্পায়ন না হওয়া সর্ম্পকে তিনি বলেন, এখানে শিল্প উদ্যোক্তার অভাব। স্বপ্রণোদিত ও ঝুঁকি নেয়ার মানসিকতা আছে এমন লোকের পরিমাণ রাজশাহীতে কম। পার্শ্ববর্তী জেলা বগুড়াতে এই সমস্যাটা নেই। গ্যাস থাকায় সেখানে শিল্পায়ন বাড়ছে। রাজশাহীতে শিল্পায়নের জন্য তিনি রাজশাহীর চেম্বার অর কমার্স, সিটি মেয়র, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



