বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে গতকাল শুক্রবার সরকারি একটি রাস্তা থেকে প্রায় তিন হাজার ইট তুলে নিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগের এক নেতা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোহাইলা-খাদাশ সড়কের আট কিলোমিটার এলাকার এক কিলোমিটার অংশ পাকা করার কাজের ঠিকাদার নির্বাচিত হয়েছে মেসার্স তালুকদার ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান। আগামী ১ সেপ্টেম্বর থেকে কাজ শুরুর কথা। রাস্তাটিতে ইট বিছানো রয়েছে।
গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান গতকাল সকালে লোকজন নিয়ে ওই রাস্তার ইট তুলতে থাকেন। এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রায় তিন হাজার ইট তুলে আবদুর রহমানের বাড়িতে রাখা হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ইটগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা আবদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘রাস্তার কাজটি করানোর জন্য আমি তদবির করেছি। তাই ঠিকাদারের সঙ্গে কথা বলে ইটগুলো নিয়ে যাচ্ছি।’
তবে ঠিকাদার জিয়াউল তালুকদার জানান, ইট তুলে নেওয়ার বিষয়টি আওয়ামী লীগের নেতা আবদুর রহমান তাঁকে জানাননি। জিয়াউল বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতাকে আমি কখনো দেখিনি, চিনিও না। তাঁকে ইট তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি ইট তুলে নিতে পারেন না।’ http://nagoriknews.com/prothomalo.php

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


