নিরেট শীতের বাতাস শ শ করে বইছিলো বাইরে । বাসের জানালার পাশে বসে ছিলাম । জানালা বন্ধ , ফাঁক দিয়ে সেই বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে কানের লতি। আমি আরেকটু ঝুঁকে পড়লাম । বাতাসের সাথে চললো লুকোচুরি মিতালী ! এই আদুরে স্পর্শে কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই পড়ে না । আমাদের বাস ছুটে চলছে কুয়াকাটার উদ্দেশ্যে। গতদিনের মংলা,করমজল আর বাগেরহাট ঘুরোঘুরির পর এই ঘুমটা বুঝি দরকারও ছিলো । তবে জার্নি তে যা হয় আর কি, ঘুমটা বেশিক্ষণ স্থায়ি হলো না ।রাত ২ টায় বাস থেমে গেলো । বাসের সারি সারি লাইন দেখে বুঝতে পারলাম সামনে ফেরী ঘাট । এতটা ভাবতে পারি নাই ,তবে আমাদের সেই ফেরী ঘাটে ঠাই দাড়িয়ে, বসে এবং হাটাহাটি করে সময় কাটাতে হলো পরদিন সকাল ১১ টা পর্যন্ত। যে হরতালের হাত থেকে বাঁচার জন্য এতো আঁটসাঁট ভ্রমণ পরিকল্পনা তা মাঠে মারা যাবার উপক্রম
এরপর কিছুটা সময়ই লাগলো হোটেল এ রুম ভাড়া করতে। একটা যুতসই ২ বেড এর রুম ঠিক করা হলো ৫ দোস্তর জন্য
পড়ন্তবেলায় সূর্যের সে কে অপরূপ রূপ, রঙ এর বৈচিত্রে চেহারা পালটায় মিনিটে মিনিটে ! এই ধূসর নীলের আবির, তো এই নীলের গায়ে ক্ষতের মতো বেড়ে উঠছে হলুদাভ রক্ত । হালকা বাতাস এসে হলদে আভায় ঢেলে দিচ্ছে একটু লালের পিক ! তারপর ধীরে ধীরে হলুদ আর লাল এর মিতালী । হারিয়ে গেলো নীল
আঁধার নেমে আসছে ধীরে ধীরে । একটু ঠাণ্ডাও বাড়ল বইকি। সূর্যাস্তের ক্ষণটাকে চাক্ষুষ করার জন্য সমুদ্রতীরে হঠাৎ করেই শোরগোল বেড়ে গেলো । সময়টাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকে। এই চলে যাওয়া সবার জন্যই এক উপলক্ষ বইকি । আমাদের সঞ্জুর ক্যামেরাতেও অনেকগুলো টিপ পরল । অন্ধকার হওয়ার পরও অনেকটা ক্ষণ ঘুরলাম । কিন্তু আর পারা গেলো না । শীতটা ভালোই বাগড়া দিলো । এবার ঠিক করলাম কুয়াকাটা টাউনটা
ঘুরা দরকার । কাছেই বার্মিজ মার্কেট আর রাখাইনপাড়া । দিনের আলো হলে হয়ত আরও ভালো হতো । কিন্তু এই ঘুটঘুট অন্ধকারেও রাখাইনদের এলাকা চষলাম! এদের বাড়িঘরগুলো মৌলিক এবং স্বকীয়তায় উজ্জ্বল । এক রাখাইন দোকান এ আলাপ হচ্ছিল রাখাইন ভদ্রলোক মান চু আইন এর সাথে। দোকানকর্তী ভদ্রমহিলা কালা চোখাইনও আমাদের সাথে যোগ দিয়েছিলেন । এই ভদ্রমহিলা ''কালা চোখাইন'' এর কথা বলতেই হচ্ছে । আমার দোস্ত আরিফ তো পুরাই মজে গিয়েছিলো কালা চোখাইন এর চোখে
এবার মিশ্রী পাড়ার উদ্দেশ্যে ছুটে চলা । ওদিকে সময়ের দিকেও নজর রাখতে হচ্ছিলো ।কারন ৯ টার ভিতর কুয়াকাটা টাউন এ পৌছুতেই হবে । মিশ্রীপাড়ার বৌদ্ধমন্দির এ উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তিটি রাখা আছে । যদিও বুদ্ধমূর্তিটি যে টিনের তৈরি স্থাপনায় রাখা তা মোটেও দৃষ্টিসুখকর ছিলো না । বরং বেশ অরক্ষিত লাগছিলো ।
ওখান থেকে মিশ্রীপাড়ার এক বাড়িয়ে ঢুঁ মারলাম । ওদের তাঁতের তৈরি পোশাক ও তাঁতযন্ত্র সরাসরি চাক্ষুষ করা হলো । আর সময় নেই । এবার তাড়াতাড়ি ফিরতেই হচ্ছে । নাস্তা করার একদমই সময় ছিলো না । আমরা কুয়াকাটায় ফিরে হালকা বহনযোগ্য নাস্তা নিয়ে নিলাম । সাড়ে ৯ টার ট্রলারটা ধরা গেলো না। ১০ টায় পরবর্তী ট্রলার এ উঠে ফাতরার বনের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো । একটি ট্রলার এ প্রায় ৩০ জন এর মতো যাত্রী । ফাতরার বন ও শুটকিপল্লী সংশ্লিষ্ট প্যাকেজ ট্যুর এর আওতাধীন আমাদের ট্রলারটি ছুটে চলছে সাগর পাড়ি দিয়ে। একপাশে সাগরঘেঁষা চর ও চরের উপর বেড়ে উঠা দু চারটি ঘর কিংবা জন বিশেক এর জনবসতি , আর অন্যপাশে শেষ না হওয়া পানির রাজ্যে হাবুডুবু খাওয়া সূর্যনিঃসৃত মনিমাণিক্য !
একদিকে জীবন আর অন্যদিনে স্বর্গ ! কতো কাছে তবু কতো দূর । স্বর্গের সৌন্দর্যের মোহে আবিষ্ট হয়ে যখনি মূর্ছা যাবার জোগাড় তখনি কাছে টেনে নেয় জীবন । ঘণ্টা দেড়েক এর এই মায়ালীলা শেষে আমরা পৌঁছে গেলাম ফাতরার বনে ।
এখানেও করমজলের মতো আবহ পেলাম । অনেকক্ষণ ঘুরাঘুরি চলল বনের ভিতর । সমুদ্রতীরবর্তি হওয়ায় গহীন বনের স্বাদ এখানেও পেলাম না । বোঝায় যাচ্ছে যে সংরক্ষিত এই বন । তারপরও ছোট ছোট সাকো, বিচিত্র উদ্ভিদ, শ্বাসমূল , সিডর এর আঘাতে ক্ষতিগ্রস্থ ভাসমান চর ও উদ্ভিদ ইত্যাদি চোখে পরার মতো । আমাদের ট্রলার থেকে ডাক পরল। এবার ফাতরার বন ছাড়তে হবে । এই ফাঁকে কাঁকড়া ভাঁজা (যা আগেই অর্ডার দিয়ে রাখা হয়েছিল) সাবাড় করলাম আমরা কয়জন ।
ফাতরার বন ছেড়ে এসে আমরা ছুটে চলছি শুটকিপল্লীর উদ্দেশ্যে।
সমুদ্র এলাকায় এসে জেলেদের জীবন ও জীবিকা সম্পর্কে না জানা অনেকটা মক্কা এসে হজ না করার মতো । বেশিক্ষণ লাগেনি, আমরা বেশ তাড়াতাড়িই পৌঁছে গেলাম শুটকিপল্লী । এখানকার এক শুটকি ব্যবসায়ী ও কর্মী মোহাম্মাদ রাসেল এর সাথে কথা হচ্ছিলো । অদ্ভুত রকম এক নাড়ানি দিয়ে বিছিয়ে রাখা শুটকি নাড়ছিলেন রাসেল । পরে বোঝা গেলো নাড়ানিটা আসলে এক ধরনের সামুদ্রিক মাছের দাঁত দিয়ে তৈরি ! সঞ্জু আর জনি তো ওই নাড়ানি দিয়ে পোজ মেরে ছবি তুললো কয়েকটা
ওদিকে এক পাশে দেখছিলাম নৌকা তৈরি করে রাখা আছে। নৌকাটায় রঙ দেয়া হচ্ছিলো । তৈরি নৌকা কেমন হয় তা জীবনে প্রথম দেখলাম । এবার ফেরার পালা । আবারো ট্রলার এ চেপে বসা ,আবারো সমুদ্রের সৌন্দর্যের মায়ায় হারিয়ে যাওয়া । ফেরার পথে যোগ হলো ফাতরার বন আর শুটকিপল্লীর স্মৃতি । সূর্যের প্রখরতা বাড়ল কিছুটা । জেলেদের আনাগোনাও তাই । ক্যামেরার ফ্ল্যাশ এ স্মৃতি আটকে রাখার চেষ্টা অব্যাহত । এতশত কর্মযজ্ঞের মাঝেও কোথায় যেনো মন আটকে আছে । কিছু লাইন আনমনেই বেড়িয়ে আসে ভিতর থেকে,
''এইখানে সমুদ্রের বালুকাবেলায় নিয়ত মনভাসি
আর ওখানে কুয়াশার চাদরে স্থবির মস্তিষ্কের যন্ত্রণা
ভাগাভাগি করে নিজেকে ''
আমাদের বাস ছাড়বে ৫ টায় । ৩ টার ভিতরেই পৌঁছে গেলাম কুয়াকাটায় । কি করবো, কি করবো ভেবে ঠিক হলো সবাই মিলে সূর্যস্নান করবো । ঝাপিয়ে পড়লাম সমুদ্রে আর মহা উৎসবে চললো যৌবনের দাপাদাপি । জীবনানন্দের ভাষায় , '' সব পাখি ঘরে ফেরে'' । আমাদেরও এবার ফেরার পালা । স্মৃতি বিস্মৃতির অতলে অনেক কিছুই হারিয়ে যায় । আমাদের এই দক্ষিণবঙ্গ ভ্রমণের অনেক কিছুই হয়ত হারিয়ে যাবে । তারপরেও এই লেখনীর মাধ্যমে কিছু বিষয় ধরে রাখার চেষ্টা করলাম । কোনো দিন যখন পাতা উলটাবো তখন হয়ত আবারো হেসে উঠবে ''কালা চোখাইন'' এর চোখ , সূর্যনিঃসৃত মনিমাণিক্য , বিস্তীর্ণ চর, সরল সহজ জীবন, অজানা কারো মুখ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




