ফেব্রুয়ারী মাস উপলক্ষে মাসব্যাপী প্রতিদিন একটি করে কবিতা শেয়ার করার চেষ্টা করব। যদিও নিজের লেখা সব কবিতাই নিজের কাছে প্রিয়, তবুও এর মাঝে কিছু আছে যেগুলো বিশেষভাবে নিজের কাছেই অনেক ভালো লাগে। এই কবিতাগুলো লিখে অনেক আনন্দ পেয়েছি। যদি আপনাদের ভালো লাগে তবে প্রচেষ্টা সার্থক মনে করব। আশা করি সাথে থাকবেন।
‘পরবাসে বিষণ্ন কিশোরীর স্মৃতি’ – ১
বন্ধুর জন্য কবিতার খোঁজে ব্যর্থ অনুসন্ধানে
হাতে কলম তুলে নেই।
তার উথাল হৃদয়ে পাথাল হাওয়া।
সুদূর প্রবাসে
‘সুশির’ সাথে (কপট) সখ্যতায়,
তার মাকে মনে পড়ে।
আরও উপলব্ধির গভীরে প্রবেশে
পরবাসী শহরে সে কোন বন্ধু খুঁজে পায় না;
তাই নাম না জানা কবির দু’লাইন জাপটে ধরে
স্মৃতির ধুলো ঝাড়ে
পরবাসী শহরে।
কে তুমি,
কোন এক বিষণ্ন কিশোরী, আহা!
যেন উন্মাতাল ছিপ নৌকা
স্মৃতির চাদরে টাটকা দাগের মত
লেপ্টে আছো
এক সর্বত্যাগী বন্ধু হয়ে
প্রবাসী বন্ধুর হু হু হৃদয়ে।
পটভূমিঃ প্রবাসী বন্ধু আমাকে একটা কবিতা (এই শহরে আমার কোন বন্ধু ছিল না/ ছিল উন্মাতাল ছিপ নৌকার মতন এক বিষণ্ন কিশোরী) খুঁজে দিতে বলেছিল। আমি পারিনি। তাই তাকে দুধের স্বাদ ঘোলে মেটাবার প্রস্তাব দেই, এরই ফলশ্রুতি এই কবিতা। আমি জানি না উল্লেখ্য কবিতার বিষয়বস্তু কি ছিল, তাই লভ্য দু'লাইনের ভাবকে আশ্রয় করেই এটা লেখা হয়েছে। অজানা কবির কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যদি কোন ভাবে আমি তার সৃষ্টিকে ছোট করে থাকি। প্রবাসী বন্ধুর যদি বিন্দুমাত্র ভাল লাগে তবে এই স্পর্ধিত প্রচেষ্টাকে সার্থক মনে করব।
সন্ধ্যা, মে ১৫, ২০০৯
শালবাগান, রাজশাহী
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


