
মাঝে মাঝে আমার আসলে কোথাও যাওয়ার থাকে না
এমনকি নিজের কাছেও--
তোমার কাছে যাবো বলে একদিন নিজেকেও ছেড়ে
আসছি! সেইসব অনেক পুরাতন কথা। তবুও, নিজেকে
নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত থেকে আরো ক্লান্ততর হয়ে
যখন ঘরে ফিরবার ইচ্ছা হয়—তখনো কোথাও আমি
ফিরবার অনুমতি পাই না। এমনকি নিজের কাছেও--
আমাকে ঠাঁই দেবে, এই রকম কেউ কেউ হয়তো
কোথাও ছিলো, কিংবা হয়তো কোথাও কোথাও কেউ
এখনো আছে—তবুও, আমার চোখগুলা তোমাদের
পাড়ায় হারায়া গেছে। একজন অন্ধ মানুষের পথ হেঁটে
হেঁটে আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি না।
মাঝে মাঝে আমার আসলে কোথাও যাওয়ার থাকে না
এমনকিও নিজের কাছেও--
১১ মার্চ, ’২০। ফাগুনের সকাল
মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



