"ধবধবে সাদা এপ্রোন পরা তরুণী ডাক্তার মেয়েটার দিকে আমি তাকালাম না।
সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, 'চোখ অমন লাল কেন?'
আমি বিড়বিড় করে বললাম, 'জ্বর'।
সে বলল, 'বেশী?'
আমি বললাম, 'হুম'।
সে বলল, 'মাপিয়েছেন? কত জ্বর?'
আমি বললাম, 'না, মাপি নি'।
সে সিস্টারকে ডাকল, 'এই সিস্টার, থার্মোমিটারটা কই? থার্মোমিটার দিয়ে যান'।
আমি বিড়বিড় করে বললাম, 'থার্মোমিটার? থার্মোমিটার কেন?'
সাদা এপ্রোন পরা তরুণী ডাক্তার মেয়েটা তার কাজলমাখা গভীর কালো চোখ তুলে তাকালো। সেই চোখে প্রবল বিস্ময়! আমার হৃদস্পন্দন মুহুর্তখানেকের জন্য থমকে গেলো। কাজল চোখের তরুণী ডাক্তার আমার টকটকে লাল চোখের দিকে খানিক অপলক তাকিয়ে থেকেই হঠাৎ কপাল কুঁচকে বলল, 'থার্মোমিটার কেন মানে? আপনার জ্বর মাপতে হবে না?'
আমি ভীতসন্ত্রস্ত হরিণের মত চোখ নামিয়ে নিলাম, খানিক তাকিয়ে রইলাম ধবধবে সাদা মেঝের দিকে, তারপর ফিসফিস করে বললাম, 'কেন? কপালে হাত রেখেও তো জ্বর মাপা যায়, যায় না...???
- #থার্মোমিটার
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




